হাওর বার্তা ডেস্কঃ সংগীত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় সেরা হয়ে গানের ভুবনে আসেন জানিতা আহমেদ ঝিলিক। তবে এরপর থেকেই মৌলিক গানে কণ্ঠ দেওয়ার কাজে ব্যস্ত হয়ে উঠেন তিনি। সংগীতাঙ্গনের দীর্ঘ পথচলায় এখন পর্যন্ত অসংখ্য মৌলিক গানে কণ্ঠ দিয়ে প্রশংসিত এই সংগীতশিল্পী।
করোনাকালেও নিয়মিত নতুন গান গেয়ে যাচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় ‘এমন সুখ’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিলেন সম্প্রতি।
নাসির আহমেদের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান। গানটি আগামী ৪ অক্টোবর ঝিলিকের জন্মদিনে তারই নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত ঝিলিক।
তিনি বলেন, জন্মদিন আমি ঘটা করে পালন করি না। তবে আমার শুভাকাঙ্ক্ষীরা বাসায় এসে আমাকে শুভেচ্ছা জানান। এবারো হয়ত তারা আসবেন। তবে এবারের জন্মদিনে নিজের জন্য একটি উপহার রেখেছি। সেদিন আমার ইউটিউব চ্যানেলটিতে প্রথম মৌলিক একটি গান প্রকাশ করব; যা আমার জন্য প্রশান্তির একটি বিষয়। গানটির পাশাপাশি ইউটিউব চ্যানেলটির জন্যও সবার সহযোগিতা চাই।
এদিকে সম্প্রতি স্টেজে ফিরেছেন ঝিলিক। আগামী মাসে একাধিক স্টেজ শোতে গান গাওয়ার কথা রয়েছে তার।
Reporter Name 

























