ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ডাকাতির অভিযোগে একাধিক মামলার আসামি হযরত আলী (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইটনা থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার এলংজুড়ি ইউনিয়নের জোরবিল হাওরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হযরত আলী কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের সোনকান্দা গ্রামের মঘল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হযরত আলীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি হাওরাঞ্চলে পর্যটকবাহী নৌকা, লাশবাহী নৌকা এবং ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সংযোগকারী অলওয়েদার সড়কে ডাকাতির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ কারণে হাওরাঞ্চলের মানুষের কাছে তিনি আতঙ্কের নাম হয়ে উঠেছিলেন বলে দাবি পুলিশের।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান জানান, তিনি ইটনা থানায় যোগদানের পর হযরত আলীকে গ্রেপ্তারের বিষয়ে জেলা পুলিশ সুপার ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের নির্দেশনা পান। এরপর থেকেই তাকে গ্রেপ্তারে পরিকল্পনা ও তৎপরতা শুরু করে পুলিশ।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এলংজুড়ি ইউনিয়নের জোরবিল হাওরে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হযরত আলী কৌশলে পালিয়ে পাশের কাকটেংগুর গ্রামের একটি পরিত্যক্ত দোতলা বাড়িতে আশ্রয় নেন। পরে সেখানে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 
























