নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের ঘটনায় ৫ থেকে ৬ কোটি টাকার লেনদেন, ফ্ল্যাট উপহার এবং কয়লা ব্যবসার সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে। হত্যাকাণ্ডের নেপথ্যে সাবেক র্যাব কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ভূমিকার কথাও আদালতে তুলে ধরেছে রাষ্ট্রপক্ষ। আসামিদের জবানবন্দি ও সুরতহাল প্রতিবেদনের তথ্যের মধ্যে হুবহু মিল থাকায় হাইকোর্টের দেওয়া সাজা আপিল বিভাগে বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ অনীক রুশদ হক (অনীক আর হক)।
বুধবার (২৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাত খুন মামলার আপিল শুনানি শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। শুনানিতে আসামিদের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিভিন্ন অংশ পড়ে শোনানোর পাশাপাশি হত্যাকাণ্ডে তাঁদের প্রত্যেকের ভূমিকা তুলে ধরা হয়।
অনীক আর হক জানান, হাইকোর্ট ২০১৭ সালের ২২ আগস্ট দেওয়া রায়ে ১৫ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। ১১ আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ছাড়া অন্য ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। বুধবারের শুনানিতে হাইকোর্টের রায়ের বিভিন্ন অংশ তুলে ধরে কার কী ভূমিকা ছিল, তা আদালতকে অবহিত করা হয়েছে।
তিনি বলেন, হত্যাকাণ্ডের সময় কোনো প্রত্যক্ষদর্শী ছিলেন না। ফলে আসামিদের দেওয়া দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষ্যপ্রমাণ। শুনানিতে র্যাবের সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা, হাবিলদার এমদাদুল হক ও সিপাহী আবু তৈয়বের জবানবন্দির বিভিন্ন অংশ উপস্থাপন করা হয়েছে। সময়ের অভাবে সিপাহী আবু তৈয়বের জবানবন্দি পুরোপুরি পড়া সম্ভব হয়নি।
জবানবন্দির ভয়াবহ বিবরণ তুলে ধরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, আসামিরা অত্যন্ত সাবলীলভাবে হত্যাকাণ্ডের ঘটনা বর্ণনা করেছেন। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী, প্রথমে পাঁচজনকে অপহরণ করা হয়। পরে আরও দুজনকে অপহরণের ঘটনা দেখে চিৎকার করতে থাকলে তাঁদেরও ধরে নিয়ে যাওয়া হয়। এরপর তৎকালীন র্যাব-১১-এর অধিনায়ক তারেক সাঈদ সাতজনকেই গুম করে ফেলার নির্দেশ দেন বলে জবানবন্দিতে উল্লেখ রয়েছে।
তিনি জানান, হত্যাকাণ্ডের পর সাতজনকে মেরে ফেলার কথা আসামিরা স্বীকার করেছেন। এমনকি হত্যার পর তাঁরা স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়াও করেন। অনীক আর হকের ভাষায়, পুরো ঘটনা শুনলে মনে হবে সিনেমার কোনো কাহিনি। কিন্তু এসব কথা আসামিরা নিজেরাই জবানবন্দিতে বলেছেন। তাঁদের বক্তব্যের মধ্যে পরস্পরের সঙ্গে উল্লেখযোগ্য মিল রয়েছে।
হত্যার পর লাশ গুমের কৌশল সম্পর্কেও জবানবন্দিতে ভয়াবহ তথ্য উঠে এসেছে। আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী, প্রথমে ভুক্তভোগীদের পলিথিন দিয়ে বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ট্রলারে করে নদীতে নিয়ে লাশ ফেলার সময় সেগুলো যাতে পানিতে ভেসে না ওঠে, সে জন্য প্রত্যেকের পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়। সুরতহাল প্রতিবেদনের তথ্যের সঙ্গেও জবানবন্দির এসব বিবরণের মিল রয়েছে বলে জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল।
হত্যাকাণ্ডের পেছনে অর্থ লেনদেনের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, সাক্ষ্য ও আসামিদের জবানবন্দিতে ৫ থেকে ৬ কোটি টাকার লেনদেন, ফ্ল্যাট উপহার এবং কয়লা ব্যবসার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এসব তথ্য হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নের নেপথ্যের যোগসূত্র তুলে ধরে।
নেপথ্যের নির্দেশদাতা হিসেবে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের নাম উল্লেখ করে অনীক আর হক বলেন, পুরো ঘটনার পেছনে একজন ‘গডফাদার’ হিসেবে তাঁর ভূমিকার কথা জবানবন্দিতে উঠে এসেছে। বর্তমানে জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। তারেক সাঈদ নিজের জবানবন্দিতে বলেছেন, জিয়াউল আহসানের নির্দেশনা ও অনুমতি ছাড়া তখন র্যাব কোনো কাজ করত না।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্ট মামলার সাক্ষ্যপ্রমাণ, আসামিদের জবানবন্দি ও অন্যান্য তথ্য-উপাত্ত বিস্তারিতভাবে বিশ্লেষণ করে রায় দিয়েছেন। অপরাধের ভয়াবহতা বিবেচনায় আসামিদের উপযুক্ত সাজা দেওয়া হয়েছে। আপিল বিভাগেও হাইকোর্টের দেওয়া সাজা বহাল থাকবে বলে রাষ্ট্রপক্ষ আশাবাদী।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে তৎকালীন সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তাঁর বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিমকে অপহরণ করা হয়। অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তদন্তে র্যাবের সাবেক ও তৎকালীন কয়েকজন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংশ্লিষ্টতার তথ্য উঠে আসে। ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত ২৬ আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। পরে হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন, ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন করেন এবং বাকি ৯ জনের বিভিন্ন মেয়াদের সাজা বহাল রাখেন। বর্তমানে এসব রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি চলছে।
Reporter Name 
























