বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স হুঁশিয়ারি দিয়ে বলেছেন,‘আমাদের জাতীয় গৌরব, আত্মমর্যাদা ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিজয়ের প্রতীক ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।’
আজ বুধবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলার কৈচাপুর উচ্চ বিদ্যালয় মাঠে কৈচাপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন। অন্যদিকে, শেখ হাসিনার মুখপাত্র জানিয়েছেন, শেখ হাসিনা একই দিনে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান। পশ্চিমবঙ্গের মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকি, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা এবং এই সময়কে ঘিরে আওয়ামী লীগের নাশকতার অপচেষ্টাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। তাহলে কি শেখ হাসিনার মাধ্যমে তারা বাংলাদেশ দখল করতে চায়?’
তিনি বলেন, ‘সবার মনে রাখা উচিৎ, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের দিন, কোনো বিদেশি শক্তি ও তার দোসরদের আধিপত্য বিস্তারের দিন নয়। বিজয় দিবসের মর্যাদা ক্ষুণ্ন করার কোনো ষড়যন্ত্র নস্যাত করে দেওয়া হবে।’
পশ্চিমবঙ্গের মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভারত সরকারের কাছে এর সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন বিএনপির এ যুগ্ম মহাসচিব। তিনি বলেন, ‘প্রতিবেশীদের সঙ্গে আমরা শত্রুতা নয়, বন্ধুত্ব চাই। তবে সেই বন্ধুত্ব হতে হবে সমতা, পারস্পরিক মর্যাদা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের ও জনগণের আকাঙক্ষার প্রতি শ্রদ্ধার ভিত্তিতে।’
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে প্রিন্স বলেন, ‘অতীত থেকে শিক্ষা নিন। যে স্বার্থবাদী ও ক্ষমতালোভী নেতৃত্ব আপনাদের বিপদের মুখে ফেলে বিদেশে পালিয়ে গেছে, তাদের নির্দেশে আবারও আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে নিজেদের ও পরিবারের ভবিষ্যৎ বিপন্ন করবেন না।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র স্বার্থ ভুলে বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য জোরদার ও দৃশ্যমান করার আহ্বান জানান প্রিন্স। তিনি মহান বিজয় দিবসকে ঘিরে যেকোনো ধরনের সন্ত্রাস, নাশকতা ও অন্তর্ঘাতের অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান।
কৈচাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুর রহমানের সভাপতিত্বে ও সদস্যসচিব নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, উপজেলা বিএনপি নেতা রেজাউল আহসান, আবুল কালাম আজাদ, আলী মাহমুদ, ইফতার রসুল খোকন, তারিকুল ইসলাম চঞ্চল, রফিকুল ইসলাম, রুহুল আমিন খান, আব্দুল হান্নান, রুহুল আমিন খান, আবুল কাশেম, নূরে আলম জনি প্রমুখ বক্তব্য দেন।
Reporter Name 























