নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের পদত্যাগের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে ভুয়া সংবাদ ও অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
রোববার (২২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদ থেকে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের পদত্যাগের বিষয়ে একটি বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। এ ধরনের মিথ্যা তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
এ বিষয়ে সবাইকে সতর্ক করে বার্তায় আরও বলা হয়, যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ বা তথ্য বিশ্বাস কিংবা প্রচার করা উচিত নয়। বিভ্রান্তি এড়াতে অ্যাডভোকেট ফজলুর রহমান এমপির ভেরিফায়েড ফেসবুক পেজ ও AMI TV পেজ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সত্য প্রচার এবং মিথ্যা ও অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফজলুর রহমানের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা-সংবলিত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। এতে তিনি কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলে দাবি করা হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে বিভ্রান্তি তৈরি হলে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ওই তথ্যকে অসত্য ও ভিত্তিহীন বলে জানানো হয়।
ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে সতর্ক থাকার পাশাপাশি যেকোনো সংবাদ প্রচারের আগে তথ্যের সত্যতা যাচাই করার আহ্বান জানিয়েছেন তিনি।
Reporter Name 























