আবারও ঘর ভেঙেছে জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনীরা ন্যান্সির৷ স্বামী মহসিন মেহেদির সঙ্গে সম্পর্কের ইতি ঘটেছে তার। শিল্পী নিজেই জানিয়েছেন, দীর্ঘদিনের একসঙ্গে পথচলার পর এবার আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন ন্যান্সি।
স্ট্যাটাসে ন্যান্সি লিখেছেন, ‘মেহেদি এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে যাত্রা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে।’

দীর্ঘদিনের একসঙ্গে পথচলা, স্মৃতি ও অভিজ্ঞতার কথা উল্লেখ করে ন্যান্সি জানান, তারা এখন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় তাদের নিয়ে যারা উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
বিচ্ছেদের এই সময়ে সবার কাছে বোঝাপড়া, সম্মান ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেন ন্যান্সি। জীবনের নতুন অধ্যায় নিয়ে আশাবাদী এই গায়িকা লেখেন, ‘জীবন তার নিজস্ব নিয়মে এগিয়ে যায়। আমি আশা করি, শক্তি, মর্যাদা ও শান্তির সঙ্গে জীবনের এই নতুন অধ্যায়কে আলিঙ্গন করতে পারব।’

সবশেষে পাশে থাকা মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ন্যান্সি লেখেন, ‘সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ।’
গানের সূত্র ধরেই ন্যান্সির সঙ্গে মহসিন মহেদির পরিচয় ও বন্ধুত্ব হয়। তা পরে ভালোবাসায় রূপ নেয়। ২০২১ সালের আগস্ট মাসে পারিবারিকভাবে আংটিবদল ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।
এটি ছিল ন্যান্সির তৃতীয় বিয়ে।
Reporter Name 
























