মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ঢাকার একটি হোটেলে সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থার জ্যেষ্ঠ সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক সংলাপে এসব সুপারিশ তুলে ধরা হয়।
আন্তর্জাতিক বাল্য, অল্প বয়সে ও জোরপূর্বক বিয়ে বন্ধ দিবস সামনে রেখে এ সংলাপের আয়োজন করে ইউএনএফপিএ। আগামী ২৭ নভেম্বর দিবসটি পালিত হবে। সংলাপে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর বিভিন্ন সীমাবদ্ধতা এবং প্রস্তাবিত সংস্কারের ফলে মেয়েদের আইনি সুরক্ষায় কী ধরনের পরিবর্তন আসতে পারে, তা নিয়ে আলোচনা হয়।
পাশাপাশি বাল্যবিবাহ বন্ধে গণমাধ্যমের ভূমিকা নিয়েও কথা হয়।সংলাপে ইউএনএফপিএ ও ইউনিসেফের যৌথ পর্যালোচনায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর বিধিমালা, ২০১৮-এর বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরা হয়। সংস্থা দুটির মতে, এসব সীমাবদ্ধতা মেয়েদের আইনি সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে বাধা তৈরি করছে।
বাংলাদেশে বাল্যবিবাহের হার কমলেও তা কমার গতি এখনো ধীর।
বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫-এর তথ্য অনুযায়ী, ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে। ২০১৯ সালে এ হার ছিল ৫১ দশমিক ৪ শতাংশ।তবে উদ্বেগের বিষয় হলো, বর্তমানে বিবাহিত ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরীদের হার বেড়েছে। ২০১৯ সালে এ হার ছিল ৩২ দশমিক ৯ শতাংশ, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৯ শতাংশে।
সংলাপে বাংলাদেশে ইউএনএফপিএর প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, ‘বাংলাদেশে বাল্যবিবাহবিরোধী আইন রয়েছে।