ব্যাটারিচালিত রিকশা খাতকে সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনতে সড়ক নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলার পাশাপাশি সংশ্লিষ্ট মানুষের জীবন-জীবিকাকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, হঠাৎ নিয়ন্ত্রণমূলক সিদ্ধান্তের পরিবর্তে সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণে পর্যায়ক্রমে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই রূপান্তর নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ব্যাটারিচালিত রিকশা: জীবন-জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক টেকসই রূপান্তর’ শীর্ষক নীতি আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে ব্র্যাক ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) যৌথ উদ্যোগে পরিচালিত ‘বাংলাদেশে ব্যাটারিচালিত রিকশার রাজনৈতিক ও আর্থসামাজিক বাস্তবতা’ শীর্ষক গবেষণার ফলাফল এবং এর ভিত্তিতে প্রণীত নীতিসংক্ষিপ্তসার উপস্থাপন করা হয়।
গবেষণায় দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ব্যাটারিচালিত রিকশাচালকদের ৯৫ দশমিক ৬ শতাংশের কোনো লাইসেন্স বা অনুমতিপত্র নেই। আয় বন্ধ হয়ে গেলে ৬২ দশমিক ৯ শতাংশ চালক এক সপ্তাহও পরিবারের ব্যয় নির্বাহ করতে পারবেন না। এ ছাড়া জরিপের আগের এক মাসে ২৬ দশমিক ৭ শতাংশ চালক অন্তত একবার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।
নগর ব্যবস্থাপনায় সমন্বিত পরিকল্পনার আহ্বান
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেন, যানজট, বায়ুদূষণ, জলাবদ্ধতা, মশা ও আবর্জনাসহ নগরের বিভিন্ন সমস্যা একটির সঙ্গে অন্যটি সম্পর্কিত। এসব সমস্যাকে বিচ্ছিন্নভাবে বিবেচনা করে সমাধান করা সম্ভব নয়।
তিনি বলেন, নগরবাসীর যেমন নির্বিঘ্নে চলাচলের অধিকার রয়েছে, তেমনি রিকশাচালকদেরও বেঁচে থাকার ও কাজ করার অধিকার রয়েছে। তবে ঢাকামুখী জনস্রোত অব্যাহত থাকলে নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। তাই সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে রাজধানীর সামগ্রিক সক্ষমতা বিবেচনায় সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, তারা অটোরিকশা বা রিকশাচালকদের বিপক্ষে নন। চালকদের জীবন-জীবিকার অধিকার রক্ষার পাশাপাশি এ খাতে জবাবদিহি নিশ্চিত করতে হবে। একদিনে সব সমস্যার সমাধান সম্ভব না হলেও ব্যাটারিচালিত রিকশাকে বৈধতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
জীবিকা সুরক্ষায় তিন থেকে চার বছরের রূপান্তর পরিকল্পনার প্রস্তাব
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, অনানুষ্ঠানিক খাতে কর্মরত মানুষের কণ্ঠস্বর নীতিনির্ধারণী পর্যায়ে যথাযথভাবে পৌঁছায় না। ব্যাটারিচালিত রিকশার নিরাপত্তা, সড়ক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণসংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় চালকদের বাস্তবতা বিবেচনায় নিয়ে একটি ন্যায্য রূপান্তর নিশ্চিত করতে হবে।
সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণে তিন থেকে চার বছরের একটি রূপান্তর পরিকল্পনা প্রণয়নের প্রস্তাব দেন তিনি। এর মাধ্যমে চালক ও তাদের পরিবারের জীবিকার ক্ষতি যথাসম্ভব কমিয়ে ধাপে ধাপে এ খাতকে সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনা সম্ভব বলে মনে করেন তিনি।
আসিফ সালেহ্ বলেন, আইনি স্বীকৃতির অভাবে রিকশাচালক, ফুটপাতের হকারসহ অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের নিয়মিত জরিমানা, চাঁদা ও বিভিন্ন অনানুষ্ঠানিক খরচ বহন করতে হচ্ছে। অথচ এর বিনিময়ে তারা কোনো স্বীকৃতি বা সুরক্ষা পাচ্ছেন না। জরিপে অংশ নেওয়া প্রায় দুই-তৃতীয়াংশ রিকশাচালক কোনো না কোনো সময়ে জরিমানা বা হয়রানির শিকার হয়েছেন।
তিনি আরও জানান, বিআইজিডির গবেষণা অনুযায়ী, ঢাকার ব্যাটারিচালিত রিকশাচালকদের ৭৮ শতাংশ অন্য জেলা থেকে এসেছেন। তাদের ৮৪ শতাংশ গ্রামে কাজের সুযোগ না থাকায় শহরমুখী হয়েছেন।
আসিফ সালেহ্ বলেন, গ্রামে কর্মসংস্থানের সুযোগ ও কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা না গেলে শহরমুখী মানুষের সংখ্যা কমানো কঠিন হবে। শুধু রিকশা বন্ধ করে এ সমস্যার সমাধান করা যাবে না। বরং অপরিকল্পিত সিদ্ধান্ত বহু পরিবারকে অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে ফেলতে পারে।
এ পরিস্থিতি মোকাবিলায় সড়ক পরিবহন, স্থানীয় সরকার, বিদ্যুৎ, পরিবেশ, শ্রম ও কৃষিসংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি।
বিআইজিডির নির্বাহী পরিচালক ইমরান মতিন বলেন, রিকশাচালকরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জীবিকার মধ্যে রয়েছেন। একটি দুর্ঘটনা বা হয়রানির ঘটনাও তাদের আবার দারিদ্র্যের মধ্যে ঠেলে দিতে পারে। পথচারী ও রিকশাচালক উভয়েই দেশের নাগরিক। তাই সবার অধিকার বিবেচনায় নিয়ে একটি ন্যায্য ও সহজ রূপান্তরের পরিকল্পনা করতে হবে।
আয় বন্ধ হলে এক সপ্তাহও চলতে পারবেন না ৬৩ শতাংশ চালক
ঢাকার ৩০০ জন ও বরিশালের ১৫০ জনসহ মোট ৪৫০ জন সক্রিয় ব্যাটারিচালিত রিকশাচালকের ওপর পরিচালিত জরিপ এবং সংশ্লিষ্ট অংশীজনদের অভিজ্ঞতার ভিত্তিতে গবেষণাটি পরিচালনা করা হয়েছে। চলতি বছরের ১১ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত জরিপের তথ্য সংগ্রহ করা হয়।
গবেষণায় দেখা গেছে, জরিপে অংশ নেওয়া চালকদের ৭৮ দশমিক ২ শতাংশ ভাড়ায় রিকশা চালান। তাদের আয়ের গড়ে ৩৮ দশমিক ৬ শতাংশই ব্যয় হয় রিকশার ভাড়া পরিশোধে।
অন্যদিকে আয় বন্ধ হয়ে গেলে ৬২ দশমিক ৯ শতাংশ চালক এক সপ্তাহও পরিবারের ব্যয় নির্বাহ করতে পারবেন না। এ তথ্য ব্যাটারিচালিত রিকশাচালকদের আর্থিক অনিশ্চয়তা ও জীবিকার ঝুঁকির বিষয়টি তুলে ধরেছে।
গ্যারেজনির্ভর অর্থনীতি ও পরিবেশগত ঝুঁকি
গবেষণায় ব্যাটারিচালিত রিকশা খাতের ব্যবস্থাপনায় গ্যারেজগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টিও উঠে এসেছে। রিকশা ভাড়া, ব্যাটারি চার্জিং ও পরিবর্তন, মেরামত, ঋণসহায়তা এবং দুর্ঘটনা বা জরিমানার মতো পরিস্থিতিতে সহায়তার জন্য চালকরা এসব গ্যারেজের ওপর নির্ভর করেন।
তবে অনিয়ন্ত্রিত বিদ্যুৎ ব্যবহার ও সরকারি জায়গায় গ্যারেজ পরিচালনার মতো সমস্যাও রয়েছে। পাশাপাশি প্রচলিত লেড-অ্যাসিড ব্যাটারির অনানুষ্ঠানিক উৎপাদন ও পুনর্ব্যবহার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে।
এ পরিস্থিতিতে বিদ্যমান গ্যারেজ ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে বাদ না দিয়ে প্রয়োজনীয় সহায়তা ও প্রণোদনার মাধ্যমে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনার সুপারিশ করা হয়েছে।
নিরাপত্তা ও জীবিকা সুরক্ষায় গবেষণার সুপারিশ
গবেষণায় বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের প্রণীত ‘তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ এ খাতকে স্বীকৃতি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে বিধিমালার কার্যকর বাস্তবায়নই হবে প্রধান চ্যালেঞ্জ।
এ খাতের টেকসই রূপান্তর নিশ্চিত করতে গবেষণায় বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে—
সরকারি প্রতিষ্ঠানগুলোর বাস্তবায়ন সক্ষমতা এবং চালক ও মালিকদের সামর্থ্য বিবেচনায় পর্যায়ক্রমে প্রাতিষ্ঠানিকীকরণের রূপরেখা প্রণয়ন।
যানবাহনের ন্যূনতম নিরাপত্তামান, চলাচলের নির্ধারিত এলাকা ও সড়ক ব্যবহারের সুস্পষ্ট নির্দেশনা নিশ্চিত করা।
যানবাহন প্রতিস্থাপন, ব্যাটারির মানোন্নয়ন, চার্জিং, বিমা ও লাইসেন্সের ব্যয় চালক ও মালিকদের সামর্থ্যের মধ্যে রাখা।
যাত্রীদের ওপর অতিরিক্ত ভাড়ার বোঝা সৃষ্টি না করে নতুন ব্যবস্থাপনা কার্যকর করা।
বিদ্যমান গ্যারেজ ও সেবা নেটওয়ার্ককে প্রয়োজনীয় সহায়তা ও প্রণোদনার মাধ্যমে নতুন ব্যবস্থার সঙ্গে যুক্ত করা।
পরিবেশবান্ধব চার্জিং ব্যবস্থা উৎসাহিত করা এবং ব্যবহৃত ব্যাটারি সংগ্রহ, নিরাপদ নিষ্পত্তি ও পুনর্ব্যবহারের কার্যকর ব্যবস্থা গড়ে তোলা।
সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে দায়িত্ব ও সমন্বয় স্পষ্ট করার পাশাপাশি বিধিমালার ধারাবাহিক ও সমান প্রয়োগ নিশ্চিত করা।
গবেষকদের মতে, ব্যাটারিচালিত রিকশা খাতের ব্যবস্থাপনায় একক কোনো নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ যথেষ্ট নয়। সড়ক নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলার পাশাপাশি চালক, মালিক, গ্যারেজ পরিচালনাকারী ও যাত্রীদের প্রয়োজন বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

প্যানেল আলোচনা
অনুষ্ঠানে ব্র্যাকের পরিচালক নাফিউল হাসানের সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক সামছুল হক, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আকতার মাহমুদ, ব্র্যাকের পরিচালক আহমেদ নাজমুল হুসেইন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. আসফিকুজ্জামান আকতার।
এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ শফিউল আলম, রহিমআফরোজ ব্যাটারিজ লিমিটেডের নির্বাহী পরিচালক ফারাজ রহিম, নিউ এইজ পত্রিকার সাংবাদিক শাহিন আখতার এবং ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের পরিচালক শাশ্বতী বিপ্লব। গবেষণার ফলাফল উপস্থাপন করেন বিআইজিডির অপারেশনস ডিরেক্টর মেহনাজ রব্বানী।
অনুষ্ঠানে দুই সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, উন্নয়নকর্মী, গবেষক, প্রকৌশলী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং ব্যাটারিচালিত রিকশাচালকদের প্রতিনিধিত্বকারী বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
Reporter Name 




















