গতকাল রবিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, নির্ভুল ভূমি রেকর্ডই দক্ষ ও নির্ভরযোগ্য ভূমিসেবার ভিত্তি।
ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস বলেন, উন্নত ভূমি তথ্য মানে শুধু উন্নত ভূমি প্রশাসন নয়; এর মাধ্যমে এমন পরিবেশ তৈরি হয়, যেখানে মানুষ সহজে সরকারি সেবা পায় এবং ব্যবসাপ্রতিষ্ঠান বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।
ভূমি মন্ত্রণালয় ও ইউএনডিপির এই অংশীদারত্বের কার্যক্রম শুরু হয় ২০২৫ সালে প্রাক্-পাইলট উদ্যোগের মাধ্যমে। পরে আটটি জেলায় পাইলট কার্যক্রম বাস্তবায়ন করা হয়। দ্বিতীয় পর্যায়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে কার্যক্রম সম্প্রসারণ করা হয়। এ পর্যন্ত ১১টি জেলার ৩৩৪টি ইউনিয়ন ভূমি অফিসের প্রায় ১ কোটি ৩৩ লাখ হোল্ডিং ও খতিয়ানের রেকর্ড ডিজিটাল করা হয়েছে।
নতুন চুক্তির আওতায় এই কার্যক্রম ৬১টি জেলায় সম্প্রসারণ করা হবে। শুধু রেকর্ড ডিজিটাল করাই নয়, বিদ্যমান ভূমি রেকর্ডের অসংগতিও শনাক্ত করা হচ্ছে। এর ফলে ভুল তথ্য সংশোধনে ভূমি মন্ত্রণালয়ের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হবে। দেশব্যাপী কার্যক্রমে তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে একাধিক স্তরে যাচাই, মাঠপর্যায়ে পর্যবেক্ষণ এবং ডিজিটাল পদ্ধতিতে তথ্যের মান নিয়ন্ত্রণ করা হবে।
এ উদ্যোগ বাস্তবায়িত হলে ভূমিসেবা নিতে নাগরিকদের বারবার ভূমি অফিসে যাওয়ার প্রয়োজন কমবে। একই সঙ্গে ভূমি ব্যবস্থাপনায় সুশাসন জোরদার, জালিয়াতির সুযোগ হ্রাস এবং ভূমির মালিকানা-সংক্রান্ত তথ্যের নির্ভরযোগ্যতা বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে নারী, প্রতিবন্ধী ব্যক্তি, প্রবাসী ও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য ভূমিসেবা আরও সহজলভ্য হবে।
Reporter Name 





















