আকাশের দিকে তাকালে প্রায়ই দেখা যায়, ঝাঁকে ঝাঁকে পাখি উড়ছে। লক্ষ করলে বোঝা যায়, বেশিরভাগ পাখির দল নির্দিষ্ট একটি বিন্যাসে ওড়ে। বিশেষ করে অনেক প্রজাতির পরিযায়ী পাখিকে ইংরেজি ‘ভি’ আকৃতিতে উড়তে দেখা যায়। কিন্তু কেন তারা এমনভাবে দল বেঁধে ওড়ে?
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় শক্তি সঞ্চয় করতেই পাখিরা সাধারণত ‘ভি’ আকৃতিতে উড়ে থাকে। এই বিন্যাসে সামনের পাখিটির ডানা ঝাপটানোর ফলে বাতাসে যে বিশেষ ধরনের প্রবাহ তৈরি হয়, পেছনের পাখিরা তা কাজে লাগাতে পারে।
সামনের পাখির ডানার প্রান্তে তৈরি হওয়া ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহ পেছনের পাখিকে উড়তে সহায়তা করে। ফলে, বাতাসের বাধা মোকাবিলায় তাদের তুলনামূলক কম শক্তি ব্যয় করতে হয়। এভাবে দলবদ্ধভাবে উড়লে দীর্ঘ পথ পাড়ি দেওয়া সহজ হয় এবং শক্তিও সাশ্রয় হয়।
এই বিন্যাসে প্রতিটি পাখি সাধারণত সামনের পাখিটির সামান্য পেছনে ও এক পাশে অবস্থান করে। এতে তারা অন্য পাখির ডানার তৈরি অনুকূল বায়ুপ্রবাহের সুবিধা পায়। ফলে, পুরো দলটি সমন্বিতভাবে উড়তে পারে।
তবে এই উড়ানে শুধু শক্তি সাশ্রয়ই নয়, রয়েছে নেতৃত্ব ভাগাভাগির বিষয়টিও। দলের একেবারে সামনের পাখিটিকে বাতাসের বাধা সবচেয়ে বেশি মোকাবিলা করতে হয়। তাই দীর্ঘ সময় একই পাখি নেতৃত্ব দিলে তার ক্লান্ত হয়ে পড়ার আশঙ্কা থাকে। এ কারণে পাখিরা পালাক্রমে সামনের অবস্থানে আসে। কিছুক্ষণ নেতৃত্ব দেওয়ার পর সামনের পাখিটি পেছনে সরে যায় এবং অন্য একটি পাখি দায়িত্ব নেয়। এতে দলের সদস্যদের মধ্যে পরিশ্রমের ভার ভাগ হয়ে যায়।
বিজ্ঞানীদের পর্যবেক্ষণে পাখিদের এই উড়ার কৌশল প্রকৃতিতে দলগত সহযোগিতা ও সমন্বয়ের এক চমৎকার উদাহরণ হিসেবে বিবেচিত হয়। একে অন্যের তৈরি অনুকূল বায়ুপ্রবাহ কাজে লাগিয়ে এবং নেতৃত্বের দায়িত্ব ভাগ করে নিয়েই তারা দীর্ঘ পথ পাড়ি দেয়।
Reporter Name 

























