চোখ শুধু দেখার অঙ্গ নয়; এটি পৃথিবীর সঙ্গে আমাদের অনুভূতি, অভিজ্ঞতা আর সম্পর্ক গড়ে তোলার শক্তিশালী মাধ্যম। অথচ দৈনন্দিন ব্যস্ত জীবনে আমরা চোখের যতœ নেওয়ার কথাই সবচেয়ে কম ভাবি। যতক্ষণ না চোখের নজর ঝাপসা হয়ে আসে কিংবা কাছের কিছু পড়তে হাত অজান্তেই দূরে সরে যায়, ততক্ষণ চোখের গুরুত্ব যেন আমাদের ‘চোখেই পড়ে না’।
অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব মেলবোর্নের সেন্টার ফর আই রিসার্চের ডেপুটি ডিরেক্টর অধ্যাপক লরেন আইটনের মতে, অন্ধত্ব একটি ভয়ংকর প্রতিবন্ধকতা। তবে প্রায় ৯০ শতাংশ দৃষ্টিশক্তি হ্রাস প্রতিরোধযোগ্য, নয়তো চিকিৎসাযোগ্য। অন্য অনেক স্বাস্থ্য সমস্যার মতোই চোখ ভালো রাখতে প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস, সক্রিয় জীবনধারা এবং নিয়মিত পরীক্ষা।
জীবনের দুটি সময়ে চোখের সমস্যা বেশি দেখা দেয়। প্রথমটি শৈশব ও কৈশোরে। এ সময় বাড়তে থাকা নিকট দৃষ্টি বা মায়োপিয়া উদ্বেগজনক হারে বাড়ে। বর্তমানে প্রতি তিনজন শিশুর একজন এ সমস্যায় ভুগছে। দ্বিতীয়টি মধ্যবয়স বা চল্লিশের মাঝামাঝি সময়। এ বয়সে অনেকে হঠাৎ টের পান, কাছের লেখা পড়তে হাত বাড়াতে হচ্ছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় প্রেসবায়োপিয়া, যা বয়সজনিত এবং পুরোপুরি অনিবার্য। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের লেন্স শক্ত হয়ে যাওয়ায় কাছের জিনিসে ফোকাস করা কঠিন হয়ে পড়ে। এর একমাত্র সমাধান চশমা। আর চশমা পরলে চোখ আরও দুর্বল হয়ে যায়, এই ধারণা সম্পূর্ণ ভুল। অন্যদিকে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চোখের লেন্স ঘোলা হয়ে ছানি পড়তে পারে। এটি প্রতিরোধযোগ্য না হলেও অস্ত্রোপচারের মাধ্যমে পুরোপুরি নিরাময় সম্ভব। এছাড়া গ্লুকোমা এবং বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশনÑ এ দুটি রোগের শুরুতে কোনো লক্ষণ দেখা যায় না, কিন্তু ধীরে ধীরে তারা স্থায়ী দৃষ্টিহানি ঘটায়। গ্লুকোমা অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত করে আর ম্যাকুলার ডিজেনারেশন রেটিনার কেন্দ্রীয় অংশে প্রভাব ফেলে। এই রোগগুলোর বড় অস্ত্র হলো আগাম শনাক্তকরণ। কারণ দেরিতে ধরা পড়লে যে দৃষ্টিশক্তি হারায়, তা আর ফেরানো যায় না।
সুস্থ চোখের জন্য বিশেষজ্ঞরা তিনটি ‘ও’-এর ওপর জোর দিয়েছেনÑ অফ স্ক্রিন (অপ্রয়োজনীয় স্ক্রিন টাইম কমান), আউটডোর ও অপটোমেটরিস্ট। সূর্যের আলো চোখের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে। বাইরে থাকলে চোখ দূরের জিনিসে ফোকাস করার সুযোগ পায়, যা ঘরের ভেতরে স্ক্রিনের সামনে সম্ভব নয়। তাই প্রতিদিন ১ থেকে ২ ঘণ্টা বাইরে সময় কাটানো শিশুদের মায়োপিয়া কমাতে অত্যন্ত কার্যকর।
অনেকে মনে করেন, স্ক্রিনের দিকে তাকালেই চোখ নষ্ট হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, স্ক্রিন নিজে থেকে চোখের সবচেয়ে বড় শত্রুÑ এমন প্রমাণ জোরালো নয়। মূলত স্ক্রিন আমাদের চোখের জন্য উপকারী অনেক কাজ থেকে দূরে সরিয়ে দেয়। তাই স্ক্রিন টাইম কমিয়ে শারীরিকভাবে সক্রিয় থাকার চেষ্টা করুন। ৬০ বছরের কম বয়স হলে প্রতি ২ থেকে ৩ বছর পরপর চোখ পরীক্ষা যথেষ্ট, তবে ৬০ পেরোলে পরীক্ষার ব্যবধান কমানো জরুরি।
লেখক : চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন বিভাগীয় প্রধান, চক্ষুরোগ বিভাগ, আল-রাজী হাসপাতাল, ফার্মগেট, ঢাকা
Reporter Name 
























