হাওর বার্তা ডেস্কঃ সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজের প্রেম যেন রূপকথার মতো। সিদ্ধার্থ শুক্লাকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন শেহনাজ, তা অকালেই ভেঙে গেল। চিরদিনের মতো প্রিয় সিদ্ধার্থকে হারিয়ে ফেললেন শেহনাজ। মাত্র ৪০ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন সিদ্ধার্থ। সুশান্তের মত এই মৃত্যুও কেউ মেনে নিতে পারেনি। সেই মন খারাপকে আরও একবার উস্কে দিয়ে এবার আসতে চলেছে সিদ্ধার্থ শুক্লা এবং শেহেনাজ গিলের শেষ মিউজিক ভিডিও। মিউজিক অ্যালবামটির নাম ‘আধুরা’।
শ্রেয়া ঘোষাল তার সোশ্যাল মিডিয়াতে যে পোস্টারটি প্রকাশ করেছেন সেখানে লেখা রয়েছে, একটি অসম্পূর্ণ গান, একটি অসম্পূর্ণ কাহিনী। পোস্টারটি শেয়ার করে শ্রেয়া ঘোষাল লিখেছেন, সিদ্ধার্থ একজন তারা ছিল, সব সময় থাকবে। আমাদের সকলের ভালোবাসায় আরো বেশি ভালোবাসায় আরো বেশি ঝলমলিয়ে উঠবে সে। এই শেষ গান আশা করি সকলের মনে জায়গা করে নেবে।
উল্লেখ্য, ২রা সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সিদ্ধার্থ শুক্লার। সিদ্ধার্থের মৃত্যুর পর থেকেই নিজেকে সবার আড়ালে নিয়ে গিয়েছিলেন শেহনাজ। তবে ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে শুটিংয়ে ফিরেছেন তিনি। স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন শেহনাজ। কিন্তু মন থেকে এখনও তিনি মেনে নিতে পারেননি সিদ্ধার্থের মৃত্যু। বার বারই ভেসে যাচ্ছেন সিদ্ধার্থের স্মৃতিতে। এই গানের মধ্যে দিয়ে ফের নতুন করে বাঁচার রসদ খুঁজে পাবেন শেহনাজ।
Reporter Name 

























