হাওর বার্তা ডেস্কঃ বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের ৯৪তম আসরে বাংলাদেশের হয়ে অংশ নিচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। সব কিছু ঠিক থাকলে এ সপ্তাহেই অস্কার কর্তৃপক্ষের কাছে অনলাইনে সিনেমাটি জমা দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের অস্কার সাবমিশন কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ।
‘রেহানা মরিয়ম নূর’ নির্মাণ করেছেন আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে নির্বাচিত হয়ে ব্যাপক আলোচিত হয়েছিল। সেখানে প্রদর্শনীর পর পেয়েছিল স্ট্যান্ডিং ওভেশন। যা ছিল বাংলাদেশের সিনেমা ইতিহাসে প্রথম। অন্যদিকে, এ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সম্প্রতি ১৪তম এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পান বাঁধন।
অস্কারের এই আসর অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৭ মার্চ। আগামী ২১ ডিসেম্বর আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের একটি খসড়া তালিকা প্রকাশ করবে একাডেমি কর্তৃপক্ষ। পরে পাঁচটি সিনেমার চূড়ান্ত মনোনয়নের খবর জানা যাবে ৮ ফেব্রুয়ারি। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত কোনো সিনেমা অস্কারে মনোনয়ন পায়নি। সেই আক্ষেপ কি ঘোচাতে পারবে ‘রেহানা মরিয়ম নূর’? উত্তরটা সময়ই বলে দেবে।
Reporter Name 

























