হাওর বার্তা ডেস্কঃ পরিচালনা জীবনের সপ্তম সিনেমা নির্মাণ করতে চলেছেন অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ। এ ঘোষণা তিনি কয়েকদিন আগেই দিয়েছিলেন। এও জানিয়েছিলেন ছবির দুটি প্রধান ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন এই সময়ের আলোচিত দুই অভিনেত্রী জাকিয়া বারী মম এবং পরীমনি। বলেছিলেন, ছবির নাম ও অন্যান্য অভিনয়শিল্পীদের নাম শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

‘স্ফুলিঙ্গ’ নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে। এটি প্রযোজনা করছে ‘স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান। এখানে চিত্রনায়িকা পরীমনিকে দেখা যাবে একজন গায়িকার চরিত্রে। তার বিপরীতে থাকবেন শ্যামল মাওলা। অন্যদিকে, জাকিয়া বারী মম অভিনয় করবেন খল চরিত্রে।
তৌকীর আহমদে জানান, ১১ ডিসেম্বর, শুক্রবার থেকে ছবির শুটিং শুরু হবে। তিনি বলেন, ‘অবশেষে আমার নতুন ছবির কাজ শুরু করতে পারছি। করোনায় আমাদের সবকিছু এদিক-সেদিক হয়ে গিয়েছিল। পরিস্থিতি এখনো খুব একটা ভালো নয়। এই পরিস্থিতির মধ্যেই আমরা স্বাস্থ্যবিধি মেনে কাজ করব। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি ব্যান্ড দল ও তাদের সদস্যদের গল্পে ছবিটি নির্মিত হবে।’

উল্লেখ্য, এই ছবির মাধ্যমে দীর্ঘ ১৩ বছর পর তৌকীর আহমেদের পরিচালনায় কাজ করছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। ২০০৬ সালে তিনি তৌকীরের ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে অভিনয় করেছিলেন। এটি ছিল মমর অভিষেক চলচ্চিত্র। ওই ছবির জন্য তিনি সেরা অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছিলেন।
অন্যদিকে, তৌকীরের পরিচালনায় আরেক চিত্রনায়িকা পরীমনির এটি প্রথম ছবি হতে চলেছে। এছাড়া শ্যামল মাওলা এবং রওনক হাসানও প্রথমবার তৌকীরের পরিচালনায় কাজ করছেন। নতুন ছবি ‘স্ফুলিঙ্গ’ নিয়ে অভিনিয়শিল্পীদের সকলেই বেশ আশাবাদী। সেই আশা কতটা পূরণ হয়, সেটাই এখন দেখার।
Reporter Name 























