২০০৫ সাল, ১৬ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটারের অভিষেক হলো ইংল্যান্ডের লর্ডস স্টেডিয়ামে। এরপর কেটে গেছে ২১ বছর, হয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ান, সর্বোচ্চ রানের মালিক। এই যাত্রার এবার শেষের গল্প শুরু হলো।
আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে এই ফরম্যাট থেকে অবসর নিবেন মুশফিকুর রহিম। দীর্ঘদিনের সতীর্থ ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল শনিবার মুশফিকের অনুরোধেই এই ঘোষণা দিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেটে মাঠ থেকে অবসরের নেওয়ার খুব বেশি ঘটনা নেই। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজারা ফেসবুক স্ট্যাটাসেই বিদায় বলেছেন। তবে এবার সভাপতি হয়ে তামিম মুশফিককে নিজেই নিষেধ করেছেন স্ট্যাটাসে বিদায় নিতে।
শনিবার তিনি বলছিলেন, ‘আমি তাকে বলেছিলাম, নিজের সিদ্ধান্তটি যেন সংবাদ সম্মেলন করে নিজেই ঘোষণা করে। একই সঙ্গে তাকে ফেসবুকে স্ট্যাটাস না দেওয়ার অনুরোধও করেছিলাম।’
একই সঙ্গে তামিম জানালেন মুশফিকের বিদায়ী টেস্টে থাকবে নানা আয়োজন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য মুশফিক যে অবদান রেখেছেন, তার জন্য বিসিবির পক্ষ থেকে আমরা তাকে শুধু ধন্যবাদই জানাতে পারি। তিনি বাংলাদেশের ক্রিকেটের একজন অসাধারণ দূত এবং অনেক অনেক ক্রিকেটার ও তরুণের আদর্শ। তাই মুশফিকের জন্য বিসিবির পক্ষ থেকে বড় ধরনের উদ্যাপনের আয়োজন থাকবে।’
‘সময়ের সঙ্গে আরও কিছু বিষয় আপনারা দেখতে ও জানতে পারবেন। এখন থেকে আমরা শুধু মুশফিকের ভালো দিকগুলো, তার অসাধারণ মুহূর্তগুলো এবং বাংলাদেশের ক্রিকেটে তার বড় অবদানগুলোই স্মরণ করব।’
১০৮ টেস্টে ৭ হাজার ৬২ রান আর ১৪ সেঞ্চুরি আছে মুশফিকের। টেস্টে বাংলাদেশের জার্সিতে সবখানেই তিনিই চূড়ায়। এমন একজন ক্রিকেটারের অবসরে মন খারাপ হচ্ছে তামিমের, ‘মুশফিকের মতো একজন মেধাবী ক্রিকেটার যখন অবসরের সিদ্ধান্ত নেন, তখন আমার খারাপ লাগে, মন খারাপ হয়। তবে আসুন, এই টেস্ট ম্যাচটিকে একটি বিশেষ আয়োজনে পরিণত করি।’
সংবাদ সম্মেলনে তামিম সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ রেখেছেন ফেব্রুয়ারিতে বিদায়ী টেস্টের আগ পর্যন্ত মুশফিকের ক্যারিয়ারের সব মধুর স্মৃতি ফিরিয়ে আনতে।
তিনি বলছিলেন, ‘বিসিবির পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি সব সাংবাদিকের কাছে অনুরোধ জানাচ্ছি, প্রথম টেস্ট পর্যন্ত আমরা যেন মুশফিকের করা সব মধুর স্মৃতি ফিরিয়ে আনি। তার ক্রিকেটজীবনে কিছু হতাশা ছিল, কিছু সমালোচনাও ছিল; এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য তিনি যে অসাধারণ অবদান রেখেছেন, সেটি বিবেচনায় নিয়ে আসুন, আমরা সবাই মিলে তার অর্জনগুলো উদ্যাপন করি।’
Reporter Name 
























