দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ১৯ দিনে ১০০টি স্থানে ককটেল বিস্ফোরণ ও ৯২টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় নাশকতা প্রতিরোধে নিরাপত্তা কার্যক্রমের পরিধি বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজনৈতিক কর্মসূচি ও গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি এবার বিশেষ নজরদারিতে আসছে শিল্পাঞ্চল, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক আয়োজন। সম্ভাব্য নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা ও সমন্বিত নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
পুলিশ সদরদপ্তরের হিসাবে, ৭ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ১৯ দিনে দেশের বিভিন্ন স্থানে ১০০টি ককটেল বিস্ফোরণ এবং ৯২টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে পুলিশের চারটি স্থাপনা ও ২৮টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনায় ৪৬টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৮০ জনকে।
এ পরিস্থিতিতে সম্ভাব্য নাশকতার পরিকল্পনা শনাক্ত, সন্দেহজনক ব্যক্তিদের চলাচল পর্যবেক্ষণ এবং ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।
মাঠপর্যায়ে জেলা পুলিশ, মহানগর পুলিশ, শিল্প পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
নিরাপত্তা সংশ্লিষ্টরা বলছেন, নাশকতা প্রতিরোধের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিল্প উৎপাদন ও জনজীবন স্বাভাবিক রাখাও জরুরি। কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান কিংবা জনসমাগমস্থল হামলার লক্ষ্যবস্তু হলে সাধারণ মানুষের জীবনযাত্রার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডও ক্ষতিগ্রস্ত হয়। এতে বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে। তাই নিরাপত্তা জোরদারের পাশাপাশি আইন প্রয়োগে নিরপেক্ষতা, পেশাদারত্ব এবং মানুষের স্বাভাবিক চলাচল ও ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্ন রাখার বিষয়েও গুরুত্ব দিতে হবে।
আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ থেকে জারি করা একটি গোপনীয় প্রতিবেদনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্গঠিত হওয়ার চেষ্টার বিষয়টি উঠে এসেছে। পরিস্থিতি মোকাবিলায় কয়েকটি করণীয় নির্ধারণ করে দেওয়া হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন ও দলটির সমর্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের যেকোনো ধরনের সন্দেহজনক অনুষ্ঠানকে দলীয় বা রাজনৈতিক কর্মসূচি হিসেবে বিবেচনা করে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি দলটির সমর্থিত বা নিয়ন্ত্রিত বিভিন্ন প্রতিষ্ঠান ও এনজিওতে কর্মরত ব্যক্তিদের আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীদের পূর্ববর্তী দণ্ডাদেশ ও রেকর্ড (পিসিপিআর) যাচাইয়ের নির্দেশনা রয়েছে।
শিল্পাঞ্চল ও বাণিজ্যিক এলাকায় বিশেষ নজর
মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তারা জানান, রাজনৈতিক পরিস্থিতি ও নাশকতার ঝুঁকি বিবেচনায় শিল্পাঞ্চল, বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নজরদারি বাড়ানোর নির্দেশনা রয়েছে। বিশেষ গুরুত্ব পাচ্ছে রাজধানীর মিরপুর-পল্লবী, গাজীপুরের কোনাবাড়ী, কালিয়াকৈর, কাশিমপুর ও ভোগড়া বাইপাস এবং সাভার-আশুলিয়ার মতো শিল্পঘন এলাকাগুলো।
এসব এলাকায় শিল্প পুলিশ, জেলা পুলিশ, মহানগর পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বিত নিরাপত্তা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শিল্পকারখানার প্রবেশপথ, আশপাশের সড়ক, শ্রমিকদের চলাচলের স্থান এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হচ্ছে।
শুধু শিল্পাঞ্চল নয়, বিভিন্ন বাণিজ্যিক এলাকা, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তাও গুরুত্ব পাচ্ছে। ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল বৃদ্ধি এবং সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
জনসমাগমস্থলেও বাড়ছে নজরদারি
পুলিশের দায়িত্বশীল পর্যায়ের একাধিক কর্মকর্তা জানান, রাজনৈতিক সভা-সমাবেশের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, প্রদর্শনী, ক্রীড়া আয়োজন ও সামাজিক অনুষ্ঠানেও নিরাপত্তা নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বড় আয়োজনের ক্ষেত্রে আয়োজকদের সঙ্গে সমন্বয় করে প্রবেশপথ, বের হওয়ার পথ, পার্কিং এলাকা ও আশপাশের সড়কের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।
কোনো অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের সমাগম হলে বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা আতঙ্ক ছড়ানোর আশঙ্কা থাকে। এ ধরনের পরিস্থিতি এড়াতে অনুষ্ঠান শুরুর আগে ঝুঁকি মূল্যায়ন, নিরাপত্তা পরিকল্পনা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া উসকানিমূলক তথ্য ও সম্ভাব্য নাশকতার হুমকির বিষয়েও নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
১৯ দিনে ১০০ স্থানে ককটেল বিস্ফোরণ, ৯২ যানবাহনে আগুন
পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, ৭ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ১৯ দিনে দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় ১০০টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। ৯২টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া পুলিশের চারটি স্থাপনা ও ২৮টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তিনটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ হয়েছে এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসব ঘটনায় দায়ের করা ৪৬টি মামলায় ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নজরদারির পাশাপাশি প্রয়োজন নিরপেক্ষতা
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, নাশকতা প্রতিরোধে শুধু গ্রেফতার ও টহল বাড়িয়ে প্রত্যাশিত ফল পাওয়া কঠিন। সম্ভাব্য হামলার পরিকল্পনা আগেই শনাক্ত করা, গোয়েন্দা তথ্যের যথাযথ ব্যবহার এবং ঝুঁকিপূর্ণ স্থাপনার নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করা জরুরি। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠান ও অনুষ্ঠান আয়োজকদের নিজস্ব নিরাপত্তাব্যবস্থা উন্নত করতে হবে।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক জাগো নিউজকে বলেন, নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি শুধু প্রচলিত রাজনৈতিক কর্মসূচি বা সন্দেহভাজন ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। যেসব প্রতিষ্ঠান, সংগঠন বা প্ল্যাটফর্মকে ব্যবহার করে নাশকতার পরিকল্পনা, অর্থায়ন কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা হতে পারে, সেগুলোর কার্যক্রম সম্পর্কেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সতর্ক থাকতে হবে।
নাশকতা প্রতিরোধে শুধু রাজনৈতিক কর্মসূচি বা সন্দেহভাজন ব্যক্তিদের নয়, বরং যেসব প্রতিষ্ঠান ও সংগঠনকে ব্যবহার করে নাশকতার পরিকল্পনা, অর্থায়ন বা আতঙ্ক ছড়ানোর চেষ্টা হতে পারে, সেগুলোর ওপরও গোয়েন্দা নজরদারি বাড়ানো জরুরি।— ঢাবির সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক
তিনি বলেন, বিশেষ করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানগুলোর উদ্দেশ্য, আয়োজক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যাচাই করা প্রয়োজন। তবে রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের ভিত্তিতে ঢালাও নজরদারি কিংবা হয়রানি করা যাবে না। সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
ড. তৌহিদুল হক বলেন, ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা সচেতনতা বাড়ানো জরুরি। কারণ নাশকতা প্রতিরোধের পাশাপাশি মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব।
পুলিশ বলছে, সর্বোচ্চ সতর্ক অবস্থানে
পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা জাগো নিউজকে বলেন, ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্পাঞ্চল ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এসব প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট থানা, জেলা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।
নাশকতা, অগ্নিসংযোগ ও হামলা প্রতিরোধে ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্পাঞ্চল ও আর্থিক প্রতিষ্ঠানে থানা, জেলা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।— পুলিশ সদরদপ্তরের এআইজি কামারুম মুনিরা
তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো চিহ্নিত করে নজরদারি বৃদ্ধি, টহল জোরদার, সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পুলিশ মোতায়েনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জাগো নিউজকে বলেন, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় সম্ভাব্য বিশৃঙ্খলা ও সহিংসতা মোকাবিলায় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
তিনি বলেন, নিরাপত্তা জোরদারে বাহিনীর নিজস্ব গোয়েন্দা ইউনিট, স্থানীয় ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্য এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে দায়িত্ব পালনরত অঙ্গীভূত আনসার সদস্যদের সমন্বয়ে তথ্য নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে।
বিজিবি সদরদপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জাগো নিউজকে বলেন, দেশের সীমান্ত সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সরকারি নির্দেশনা অনুযায়ী অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে বিজিবি। ২৮ নভেম্বর পর্যন্ত ঢাকা মহানগরীসহ দেশের সাতটি জেলায় মোট ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ ও সংলগ্ন এলাকায় ৫৬ প্লাটুন দায়িত্ব পালন করছে।
তিনি বলেন, সম্ভাব্য নাশকতা ও অগ্নিসংযোগ প্রতিরোধে ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা, ব্যাংক-বিমা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি জোরদার করা হয়েছে। নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা ও ড্রোনের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
দেশের অর্থনীতির চাকা সচল রাখা, শিল্পকারখানার উৎপাদন ও পণ্য পরিবহন স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারত্ব, ধৈর্য ও সংযমের সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি প্রস্তুত রয়েছে।
Reporter Name 























