চোটের কারণে দুই ম্যাচ ছিলেন মাঠের বাইরে। অবশেষে মেজর লিগ সকারে (এমএলএস) এলএ গ্যালাক্সির বিপক্ষে ম্যাচ দিয়ে লিওনেল মেসি ফিরতে প্রস্তুত বলে জানিয়েছেন ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো।
গত ২ অগাস্ট লিগ কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচের একাদশ মিনিটে ডান হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে মাঠ ছাড়েন মেসি। মায়ামির পরের দুই ম্যাচে খেলতে পারেননি রেকর্ড আটবারের বর্ষসেরা ফুটবলার।
সেই দুই ম্যাচের একটিতে জিতে লিগস কাপের শেষ আটে উঠলেও এমএলএসে ওরল্যান্ডো সিটির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয় মায়ামি।
এমএলএসে বাংলাদেশ সময় রোববার ভোরে ঘরের মাঠে এলএ গ্যালাক্সির মুখোমুখি হবে মায়ামি। শুক্রবার সংবাদ সম্মেলনে মাসচেরানো বলেন, এই ম্যাচের স্কোয়াডে থাকবেন মেসি।
“লিও ভালো আছে। বুধবার থেকে দলের সঙ্গে আছে সে। আমাদের বিশ্বাস, যদি অস্বাভাবিক কিছু না ঘটে, তাহলে আগামীকালের ম্যাচের জন্য তাকে ডাকা হবে।”
মৌসুমে দারুণ ফর্মে আছেন মেসি। এমএলএসে ১৭ ম্যাচে ১৮ গোল করে আছেন গোলদাতাদের তালিকার শীর্ষে। এছাড়া ১০টি অ্যাসিস্টও করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কিংবদন্তি।
Reporter Name 

























