প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, অভ্যুত্থানের চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়নই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ভিত্তি হতে পারে। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে কালক্ষেপণ না করে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শনিবার সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই। কিন্তু পার্শ্ববর্তী একটি দেশের আচরণ বন্ধুত্বপূর্ণ নয়।’
এ সময় জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে চাইলে কালক্ষেপণ না করে গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।
তিনি আরও বলেন, ‘একসময়ের মজলুম একটি দল অভ্যুত্থানের পর যেভাবে চরিত্র বদল করেছে, তাতে জনগণ তাদের প্রতি আর আস্থা রাখতে পারছে না।’
সরকারপ্রধানের আহ্বান করা জাতীয় ঐক্যের ভিত্তি হতে পারে অভ্যুত্থানের চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়ন-এমন মন্তব্য করে বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাষ্ট্র সংস্কার ও গণভোটের রায় কার্যকর করা জরুরি।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী ও জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির। একই সঙ্গে আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়তে অতীতের বিভেদ পেছনে ফেলে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান ডা. শফিকুর রহমান।
Reporter Name 
























