চব্বিশের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর রাষ্ট্রের দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকারকে ফেলে দিতে পতিত আওয়ামী লীগ ও ভারত নানা ধরনের ষড়যন্ত্র শুরু করেছিল। বেতন-ভাতা বৃদ্ধির নামে কখনো গার্মেন্ট শ্রমিকদের দিয়ে, কখনো আনসার বিদ্রোহ করিয়ে, কখনো অটোরিকসা শ্রমিকদের দিয়ে জ্বালাও-পোড়াও আন্দোলনসহ সচিবালয় ঘেরাও করেছিল। সে সসময় বিএনপি-জামায়াতসহ গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী সমন্বয়করা সম্মিলিতভাবে তা প্রতিহত করে অন্তর্বর্তী সরকারের পথচলা মসৃন করে দেয়। অন্তর্বর্তী সরকারের দেড় বছরের মাথায় প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস তাঁর কথামতো এ বছরের ১২ ফেব্রুয়ারি ইতিহাসের একটি সেরা নির্বাচন উপহার দেন। এতে বিএনপি দুই-তৃতীয়াংশ আসন নিয়ে বিপুল বিজয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে। বিএনপি সরকার এমন এক সময় সরকার গঠন করে, যখন পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার অর্থ লুটপাট ও পাচার করে দেশের অর্থনীতিকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে গিয়েছিল। অন্তর্বর্তী সরকারও এই ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনরুদ্ধার করতে পারেনি। এমন এক পরিস্থিতিতে তারেক রহমান সরকারের যাত্রা শুরু হয়। এর মধ্যে ইরানযুদ্ধ পুরো বিশ্বের অর্থনীতিকে টালমাটাল করে দেয় এবং এর ধাক্কাও দেশের নাজুক অর্থনীতিতে ধাক্কা দেয়। ফলে নতুন সরকারকে এক নাজুক অর্থনীতি ও বিশৃঙ্খল রাষ্ট্রযন্ত্র মেরামতের মতো গুরু দায়িত্ব পড়ে। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নিয়েই দিনরাত পরিশ্রম করে এই মেরামতের কাজ শুরু করেছেন। এর মধ্যে তাকে যেমন এই কাজ করতে হচ্ছে, তেমনি দেশকে অস্থিতিশীল করে তোলার দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করতে হচ্ছে।
পতিত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভারত যৌথভাবে দেশকে অস্থিতিশীল করে সরকারকে বিপাকে ফেলার নানা ষড়যন্ত্র শুরু করেছে। বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার দেশে ফেরার ঘোষণার পর থেকেই বিদেশে পলাতক আওয়ামী লীগের নেতারা দেশে থাকা নেতাকর্মীদের অর্থকড়ি দিয়ে সহায়তা করে জ্বালাও-পোড়াও আন্দোলন করাচ্ছে। গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা কী করেছে, তা নতুন করে বলার কিছু নেই। এর মধ্যে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গার্মেন্ট শ্রমিকদের উসকে দিয়ে সড়ক অবরোধ, কারখানা বন্ধ করে আন্দোলন শুরু করেছে। সরকার নতুন বেতন বোর্ড গঠন করে দেয়ার পরও এ আন্দোলন চলতে থাকে। ইতোমধ্যে বেতন বোর্ড গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে দিয়েছে। এতে গার্মেন্ট শ্রমিকদের আন্দোলন প্রায় শেষ। বলার অপেক্ষা রাখে না, গার্মেন্ট শ্রমিকদের এই আন্দোলন প্রকৃত শ্রমিকদের ছিল না। এর পেছনে ছিল, আওয়ামী লীগের নেতাকর্মীসহ আওয়ামী দোসর কিছু ব্যবসায়ী এবং ভারতের ষড়যন্ত্র। সরকারকে বিপাকে ফেলতে এবং গার্মেন্ট শিল্পকে ধ্বংস করাই ছিল তাদের মূল লক্ষ্য। এর আভাস পাওয়া যায়, ভারতের কোনো কোনো নেতার কথার মাধ্যমে। তারা প্রপাগান্ডা করছেন, বাংলাদেশের গার্মেন্ট শিল্প ধ্বংস হয়ে গেছে। এদিকে, গার্মেন্ট শিল্পে শ্রমিকদের আন্দোলনের কারণে এর উৎপাদন যেমন কমে যায়, তেমনি অনেক বিদেশি ক্রেতা অর্ডার স্থগিত, এমনকি বাতিল করেছে। এতে গার্মেন্ট শিল্পে রফতানি কমে যাওয়াসহ বাজার সংকুচিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। গতকাল দৈনিক ইনকিলাবের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে চলমান শ্রম অসন্তোষ আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কারখানায় উৎপাদন বন্ধ, শ্রমিক বিক্ষোভ এবং সরবরাহ কার্যক্রমে অনিশ্চয়তার কারণে সময়মতো পণ্য পাওয়া নিয়ে সংশয়ে পড়েছে বিদেশী ব্র্যান্ড ও ক্রয়কারী প্রতিষ্ঠানগুলো। দীর্ঘমেয়াদি ক্রয় পরিকল্পনায় থাকা প্রতিষ্ঠানগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে বিকল্প উৎপাদনকেন্দ্র বা দেশ থেকে পণ্য সংগ্রহের বিষয়টি তাদের বিবেচনায় আসতে পারে। এটি অত্যন্ত উদ্বেগের বিষয়। কারণ, দেশের প্রধান রফতানি পণ্যের বাজার সংকুচিত হলে বা ক্রেতারা মুখ ফিরিয়ে নিলে, অর্থনীতিতে তা বড় ধরনের অভিঘাত তৈরি করবে। কোনো ক্রেতাই চাইবে না, ক্রয়াদেশ দিয়ে সময়মতো পণ্য না পেতে। তারা বিকল্প উৎস খুঁজবে, এটাই স্বাভাবিক। ফলে রফতানি বাণিজ্যের প্রধান এই উৎসের স্থিতিশীলতা ও নিরবিচ্ছিন্ন উৎপাদনশীলতা অব্যাহত রাখা ছাড়া কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান সময়মতো সিদ্ধান্ত নিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে যাচ্ছেন। অথচ এ দায়িত্ব পালন করার কথা বাণিজ্যমন্ত্রীর। তিনি যে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছেন, তা চোখে আঙুল দিয়ে না দেখালেও বুঝতে অসুবিধা হয় না। বাণিজ্যমন্ত্রীর উচিৎ ছিল, অন্যান্য মন্ত্রণালয়ের সাথে সমন্বিত উদ্যোগের মাধ্যমে শ্রমিকদের আন্দোলন ঠেকিয়ে কীভাবে উৎপাদন অব্যাহত রাখা যায়, সেই পদক্ষেপ নেয়া। দুঃখের বিষয়, আমরা তা দেখিনি। উৎপাদন অব্যাহত রাখতে যে পর্যাপ্ত গ্যাস-বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন, তা তিনি করতে পারেননি। ফলে গার্মেন্ট কারখানার মালিকরা শ্রমিক আন্দোলন এবং গ্যস-বিদ্যুতের সংকট—এই উভয় সংকটে পড়ে অসহায় হয়ে পড়ে। উৎপাদনও গতি হারায়।
এটা বলতেই হবে, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের নাজুক অর্থনীতিকে গড়ে তুলতে যেভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তার সাথে অধিকাংশ মন্ত্রী-এমপি তাল মেলাতে পারছেন না। তারা কী কাজ করছেন, তা দৃশ্যমান নয়। অথচ দেশের ভঙুর অর্থনীতির কথা কারোই অজানা নয়। এই জানা বিষয়টি আমলে নিয়ে যার যার অবস্থান থেকে নিরলস পরিশ্রম করে কীভাবে দ্রুত উন্নতির দিকে এগিয়ে নেয়া যায়, সে ব্যাপারে তাদের তৎপর হওয়া উচিৎ। শুধু প্রধানমন্ত্রীর একার উপর সব ছেড়ে দিলে তার একার পক্ষে কি এই বিশাল কর্মযজ্ঞ টেনে নেয়া সম্ভব? সম্ভব নয়। প্রধানমন্ত্রী যেভাবে ডিটারমাইন্ড হয়ে কাজ করে যাচ্ছেন, তাদেরও যার যার দায়িত্ব অনুযায়ী ডিটারমাইন্ড হয়ে কাজ করা উচিৎ। কেবল সভা, সেমিনারে বড় বড় লেকচার দিলেই সমস্যা আড়াল হয়ে যায় না। এতে কোনো কাজও হবে না। বলা বাহুল্য, অর্থনীতিকে টেনে তুলতে হলে সবার আগে দরকার দেশি-বিদেশি বিনিয়োগ। দেশে এখন চরম বিনিয়োগ খরা চলছে। বিনিয়োগের এই পরিস্থিতির উত্তরণ না ঘটলে অর্থনীতি চাঙা হওয়ার কোনো সম্ভাবনা নেই। সাধারণ মানুষের দুর্ভোগেরও অবসান হবে না। এতে মানুষ সরকারের উপর যেমন ক্ষুব্ধ হবে, তেমনি রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত ও বিশৃঙ্খল হয়ে পড়বে। অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে কোনো সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব নয়। অর্থনৈতিক দুর্দশার কারণে শ্রীলঙ্কা ও নেপাল সরকারের পতন হয়েছে। ভারতে যে মোদিবিরোধী আন্দোলন চলছে, তার পেছনে অর্থনৈতিক সংকট ও বেকারত্ব রয়েছে। অর্থনৈতিক মন্দার কারণে ফ্রান্স, ইটালি, জার্মানসহ ইউরোপের দেশগুলোতে সাধারণ মানুষ ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ ও আন্দোলন করেছে। ফ্যাসিস্ট হাসিনার পতনের পেছনেও অন্যতম কারণ ছিল, অর্থনৈতিক শোচনীয় পরিস্থিতি। গণঅভ্যুত্থানে সাধারণ মানুষের রাস্তায় নেমে এসেছিল, তাদের অর্থনৈতিক দুরবস্থা ও দুর্বিষহ জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য। সরকারের এই বিষয়গুলো মাথায় রাখা জরুরি। অর্থনৈতিক দুর্বলতার কারণেই ভারত ও পতিত আওয়ামী লীগ সুযোগ নিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে। বেতন-ভাতা বৃদ্ধির আড়ালে গার্মেন্ট শ্রমিক আন্দোলনকে উসকে দিচ্ছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী চিন্তা ও পদক্ষেপের কারণে তা এখন অনেকটাই স্থিতিশীল অবস্থায় রয়েছে। শ্রমিকরা কর্মস্থলে ফিরে গেছে। ছুটির দিনেও তারা কাজ করে উৎপাদন অব্যাহত রাখছে। তবে সরকারকে প্রতিনিয়ত দেশি-বিদেশি ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে। সকল মন্ত্রীকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণ করতে হবে। যারা ব্যর্থ হবে, প্রয়োজনে তাদের সরিয়ে দিতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করেই দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হবে।
Reporter Name 
























