একদিন ছোট্ট একটি শিশু তাঁর হাত ধরে শিখেছিল বর্ণমালার প্রথম অক্ষর। শিশুটিকে স্নেহ করে ডাকতেন ‘পিনু’। সময়ের স্রোতে সেই শিশুই আজ দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে, তাঁরই আরেক শিক্ষার্থী জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ মো. নুরুল ইসলাম মণি। জীবনের দীর্ঘ শিক্ষকতা অধ্যায়ে এমন দুটি অর্জনের সাক্ষী হয়ে আজ গর্ব আর আবেগে আপ্লুত বরগুনার পাথরঘাটার প্রবীণ শিক্ষাবিদ, সাবেক অধ্যক্ষ কাজী আবদুর রশিদ।
বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে। আগের মতো চলাফেরা করতে পারেন না। জীবনের পড়ন্ত বিকেলে এসে অনেক স্মৃতিই হয়তো ঝাপসা হয়ে গেছে। কিন্তু স্মৃতির আয়নায় এখনো স্পষ্ট সেই পাঁচ বছরের ছোট্ট পিনু। যে শিশুকে একদিন আদর-স্নেহে পড়িয়েছিলেন, সেই শিক্ষার্থী আজ রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে। অথচ প্রিয় ছাত্রের কাছে তাঁর কোনো ব্যক্তিগত চাওয়া নেই, নেই কোনো পদ-পদবি কিংবা সুযোগ-সুবিধা পাওয়ার প্রত্যাশা। শুধু চান, তাঁর ছাত্র যেন দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলেন, মানুষের কল্যাণে কাজ করেন।
প্রবীণ এই শিক্ষকের সঙ্গে কথা বলতে গিয়ে উঠে আসে অতীতের নানা স্মৃতি। সাল ১৯৭২। কুমিল্লা সেনানিবাসের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করছিলেন কাজী আবদুর রশিদ। সেখানেই মাত্র পাঁচ বছর বয়সে তারেক রহমানের শিক্ষাজীবনের হাতেখড়ি হয় তাঁর কাছে। ছোট্ট তারেককে ভালোবেসে ‘পিনু’ বলে ডাকতেন তিনি। ভদ্র, নম্র ও বুদ্ধিদীপ্ত শিশুটির স্মৃতি আজও তাঁর হৃদয়ে অমলিন।
কাজী আবদুর রশিদ জানান, শুধু তারেক রহমানই নন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সঙ্গেও তাঁর স্মৃতিময় সম্পর্ক রয়েছে। তাঁর দাবি, জিয়াউর রহমান তাঁর বাড়িতে খাবার খেয়েছেন। প্রিয় ছাত্রের খোঁজখবর জানতে চেয়ে ১৯৭৯ সালের ২৭ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একটি চিঠিও লিখেছিলেন তিনি। চিঠিতে রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি ছোট্ট পিনুর প্রতি ভালোবাসা ও আশীর্বাদ জানিয়েছিলেন। চিঠির শেষাংশে লিখেছিলেন, ‘আমার প্রিয় ছোট ছাত্র পিনুকে আমার ভালোবাসা ও আশীর্বাদ, যাকে আমি দীর্ঘ বছর ধরে দেখতে পারিনি এবং আমি জানি না সে এখন কত বড় হয়েছে।’
সেই চিঠির প্রতিটি শব্দে ফুটে উঠেছিল একজন শিক্ষকের ভালোবাসা, একজন অভিভাবকের মমতা। কয়েক দশক পেরিয়ে আজ সেই ছাত্র দেশের প্রধানমন্ত্রী। কিন্তু সময়ের ব্যবধান কিংবা রাষ্ট্রীয় ব্যস্ততার হিসাব কষে কোনো অভিমান জমিয়ে রাখতে চান না শিক্ষক। বরং ছাত্রের সাফল্যে তাঁর চোখেমুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি।
আবেগাপ্লুত কণ্ঠে কাজী আবদুর রশিদ বলেন, ‘আমার কিছুই চাওয়ার নেই। আমি শুধু দোয়া করি, তিনি যেন দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারেন। দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারেন। এটাই আমার চাওয়া। আমার ছেলেরা প্রতিষ্ঠিত। আমি এখনো লেখালেখি নিয়ে ব্যস্ত থাকি।’
নিজের শিক্ষকতা জীবনের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি একজন সাধারণ শিক্ষক। আমার ছাত্র দেশের প্রধানমন্ত্রী, আরেকজন জাতীয় সংসদের চিফ হুইপ। আমি তারেক রহমানকে আদর করে পিনু বলে ডাকতাম। আমার পিনু হয়তো জানেন না আমি কোথায়, কীভাবে আছি, বেঁচে আছি কি না। রাষ্ট্রের কত কাজ, কত ব্যস্ততা।’
এই কথাগুলোর মধ্যে কোনো অভিযোগের চেয়ে একজন শিক্ষকের নিঃস্বার্থ ভালোবাসাই যেন বেশি স্পষ্ট হয়ে ওঠে। যে মানুষটি একদিন শ্রেণিকক্ষে দাঁড়িয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছেন, জীবনের শেষ প্রান্তে এসে তাঁদের সাফল্যকেই নিজের জীবনের বড় সম্পদ মনে করছেন।
১৯৪০ সালের ২৬ অক্টোবর বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা গ্রামে জন্মগ্রহণ করেন কাজী আবদুর রশিদ। ১৯৬০ সালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতগঞ্জ হাইস্কুলে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে নিজ এলাকার কালমেঘা মুসলিম হাইস্কুলে শিক্ষকতা করেন। সেখানেই তাঁর শিক্ষার্থী ছিলেন আজকের জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ মো. নুরুল ইসলাম মণি।
১৯৬৭ সালে কুমিল্লা সেনানিবাসের ইস্পাহানি পাবলিক স্কুলে যোগ দেন তিনি। ১৯৮০ সালে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ এবং ১৯৮৫ সালে যশোর সেনানিবাসের দাউদ পাবলিক স্কুলের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অসংখ্য শিক্ষার্থীকে পাঠদান করেছেন। তাঁদের অনেকেই আজ সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন।
শুধু চাকরির দায়িত্ব পালনেই সীমাবদ্ধ থাকেননি তিনি। নিজ এলাকায় শিক্ষার প্রসারেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। পাথরঘাটা হাইস্কুলে কিন্ডারগার্টেন শাখা প্রতিষ্ঠা এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের আধুনিকায়নে কাজ করেছেন। নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেছেন ‘কে আর এলিমেন্টারি স্কুল’। ২০১২ সালে দীর্ঘ শিক্ষকতা জীবন থেকে অবসর নেন।
বর্তমানে পাথরঘাটা পৌরসভার ৪নং ওয়ার্ডে নিজের বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করছেন এই প্রবীণ শিক্ষাবিদ। বয়সের কারণে চলাফেরায় কষ্ট হলেও লেখালেখির অভ্যাস এখনো ধরে রেখেছেন। তাঁর জীবনের বড় একটি অংশজুড়ে রয়েছে শ্রেণিকক্ষ, শিক্ষার্থী আর শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার স্মৃতি।
একজন শিক্ষক সারাজীবন শিক্ষার্থীদের গড়ে তোলেন। কেউ চিকিৎসক হন, কেউ প্রকৌশলী, কেউ প্রশাসক, কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান। কিন্তু সব অর্জনের ঊর্ধ্বে থাকে শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হয়ে ওঠা। কাজী আবদুর রশিদের জীবনে সেই প্রাপ্তির সঙ্গে যুক্ত হয়েছে এক বিরল স্মৃতি, তাঁর হাতের প্রথম পাঠ নেওয়া ছোট্ট পিনু আজ প্রধানমন্ত্রী, আরেক ছাত্র জাতীয় সংসদের চিফ হুইপ।
রাষ্ট্রীয় ক্ষমতা, পদ-পদবি কিংবা ব্যক্তিগত সাফল্য নয়, ছাত্রদের হাত ধরে দেশের মানুষের কল্যাণ সাধিত হোক, এটাই তাঁর প্রত্যাশা। হয়তো কোনো একদিন প্রিয় শিক্ষককে খুঁজে নেবে তাঁর সেই ছোট্ট পিনু। আবার দেখা হবে শিক্ষক ও শিক্ষার্থীর, ফিরে আসবে হারিয়ে যাওয়া শ্রেণিকক্ষের স্মৃতি। সেই অপেক্ষা থাকুক বা না থাকুক, আবদুর রশিদের জীবনের খাতায় প্রাপ্তির হিসাব ইতিমধ্যেই পূর্ণ। কারণ একজন শিক্ষকের কাছে তাঁর শিক্ষার্থীর সাফল্যের চেয়ে বড় পুরস্কার আর কী হতে পারে!
Reporter Name 























