হাওর বার্তা ডেস্কঃ ভারতের অভিনেত্রী ও বিজেপি নেত্রী সোনালি ফোগতের ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ্যে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই প্রতিবেদনের ওপর ভিত্তি করে বৃহস্পতিবার গোয়া পুলিশ সোনালি ফোগতের দুই সহকর্মী সুধীর সাগওয়ান ও সুখবিন্দর সিংয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে। এই দু’জনই সোনালির সঙ্গে গোয়া সফরে উপস্থিত ছিলেন।
এমনই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
এর আগে সোনালির ভাই রিঙ্কু এই দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমে সোনালির ভাই বলেন, ‘প্রথম থেকেই দিদির মৃত্যু স্বাভাবিক মনে হয়নি। আমি নিজেই অনেক খোঁজ খবর নিয়েছি। এই মৃত্যুর তদন্ত হওয়া উচিত। ’ সোনালির ভাইয়ের অভিযোগ অভিনেত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে।
সংবাদ প্রতিদিনের এক খবরে বলা হয়, সহকর্মীদের সঙ্গে গোয়া সফরে গিয়েছিলেন সোনালি। গত সোমবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩। মূলত, জনপ্রিয় অ্যাপ টিকটক থেকে পরিচিত হয়েছিলেন সোনালি। পরে তাকে দেখা যায় ছোটপর্দার নানা ধারাবাহিকে।
প্রথম দিকে সোনালি কংগ্রেসে থাকলেও পরে বিজেপিতে যোগ দেন। ২০১৯ সালে হরিয়ানা নির্বাচনে বিজেপির টিকিটে আদমপুর থেকে বিধানসভা নির্বাচনেও লড়েছিলেন তিনি। হরিয়ানার ফতেহবাদের ভুথান গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম সোনালির। সূত্র: সংবাদ প্রতিদিন
Reporter Name 

























