হাওর বার্তা ডেস্কঃ ক্লোজআপ ওয়ান তারকা সাজিয়া সুলতানা পুতুল। করোনা পরিস্থিতির প্রথম কয়েক মাস অনেকটা বাসা বন্দি সময় পার করেছেন। তবে এখন টুকটাক করে কাজ শুরু করেছেন। সচেতন থেকে গান রেকর্ড করছেন, শুটিং করছেন। এর বাইরে বাসা থেকেই বিভিন্ন অনলাইন আড্ডা ও কনসার্টেও অংশ নিচ্ছেন। এছাড়া পুতুল নিজেও লাইভ অনুষ্ঠান শুরু করেছেন ‘পুতুল কথন’ শিরোনামের। সেটি থেকেও পাচ্ছেন ভালো সাড়া। নারীদের কথা বলার একটি প্ল্যাটফর্মের চিন্তা থেকেই এই অনুষ্ঠান শুরু করেছেন তিনি।সব মিলিয়ে চলতি ব্যাস্ততা কেমন যাচ্ছে? পুতুল উত্তরে বলেন, গান নিয়েই মূল ব্যস্ততা। যদিও করোনার কারণে স্টেজ শো বন্ধ রয়েছে। চেষ্টা করছি সচেতন থেকে কাজ করার। কিছু গান করছি নতুন। তাছাড়া লিখালিখি চলছে পুরো দমে। নতুন গানের কি খবর? পুতুল বলেন, নতুন গান বের হয়েছে এর মধ্যে। সামনেও হবে। এখন আমি আমার ‘পুতুলগান পুনরুথান’ শিরোনামের অ্যালবামের গান গুলোর কাজ করছি। এর কথা, সুর ও সংগীত আমার। এখানে থাকবে পাঁচটি গান। অডিও আকারে প্রকাশ করবো এগুলো।
করোনা পরিস্থিতিতে সংগীতের অবস্থা কেমন মনে হচ্ছে? পুতুল বলেন, অবস্থা তো আগের মতো নেই। কারণ স্টেজ শো কবে শুরু হবে তার ঠিক নেই। শিল্পী-মিউজিশিয়ানদের কাজ বন্ধ। অন্যান্য কাজও কম হচ্ছে। এখন টিকে থাকাটাই চ্যালেঞ্জের। কারণ কম বেশি সবাই আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতি যত তাড়াতাড়ি শেষ হবে ততই সবার জন্য মঙ্গল।
লাইভ শো করছেন নারীদের নিয়ে। সাড়া কেমন মিলছে? উত্তরে পুতুল বলেন, এটা মূলত নারীদের মঞ্চ। তাদের জীবনের হোঁচট কিংবা প্রবঞ্চনার গল্পগুলো এখানে বলার সুযোগ থাকে। এখানে যারা আসেন সবাই তারকা। নিয়মিত করছি এটি। খুব ভালো সাড়া পাচ্ছি এখান থেকে। পুতুল আরো বলেন, মেয়েদের আসলে আস্থা তৈরি করতে হয়। তারা কথা বলার জায়গা পায় না অনেক সময়। সাহস পায় না। তাদের ক্ষত ও না বলা কথা ভেতর থেকেই তুলে আনা যায়। আর মেয়েদের এমন মঞ্চ কম আমাদের এখানে। এদিকে গত কয়েক বছর ধরেই পুতুল নিয়মিত বই লিখছেন যা প্রকাশ করছেন একুশে গ্রন্থমেলায়। বর্তমানেও একটি উপন্যাস লিখছেন আত্নজীবনিমূলক। এ বিষয়ে তিনি বলেন, আত্নজীবনি লিখছি। সময় পেলেই লিখতে বসছি। এই ব্যস্ততা ডিসেম্বর পর্যন্ত চলবে। আশা করছি আসছে বই মেলায় প্রকাশ করতে পারবো।
সংবাদ শিরোনাম
চেষ্টা করছি সচেতন থেকে কাজ করার পুতুল
-
Reporter Name - আপডেট টাইম : ১০:২৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
- ২৬০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ

























