হাওর বার্তা ডেস্কঃ রমজানের ঈদ আসতে অনেকটা সময় বাকি। তবে এর আগে শনিবার রাত ৮টা ৩০ মিনিটে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির অফিস কার্যালয়ে পরিচালক রবিন খান তার ‘মন দেব মন নেব’ ছবিটি আসছে রোজার ঈদে মুক্তির লক্ষ্যে নাম নিবন্ধন করেছেন। এ সময় পরিচালক রবিন খান ছাড়াও উপস্থিত ছিলেন প্রযোজক পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম, প্রযোজক সমিতির কোষাধ্যক্ষ মেহেদী হাসান সিদ্দিকী মনির ও প্রযোজক জাহাঙ্গীর আলম। রবিন খান বলেন, আসছে রোজার ঈদে আর কে মুভিজের প্রথম সিনেমা ‘মন দেব মন নেব’ দর্শকরা উপভোগ করতে পারবেন। এরইমধ্যে প্রযোজক সমিতিতে ঈদের প্রথম সিনেমা হিসেবে আমার ছবির নাম নিবন্ধন করা সম্পন্ন হয়েছে। এ ছবিতে মাহি, শিবলী নওমান, কবরী, গাজী রাকায়েত, মারুফ আকিবসহ অনেক জনপ্রিয় অভিনয়শিল্পীরা
কাজ করেছেন। ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ভাইয়ের অনুপ্রেরণায় এ ছবির কাজটি করেছি। ছবির প্রচারণা সামনে শুরু করতে যাচ্ছি।
আশা করছি, ছবিটি দর্শকরা পছন্দ করবেন। মাহি বলেন, এ ছবিতে দর্শকরা আমার অ্যাকশনও দেখতে পাবেন। সুন্দর গল্পের সিনেমা এটি। ছবিতে মাহির বিপরীতে অভিনয় করা শিবলী নওমান বলেন, এ ছবিতে কাজ করে আমার ভালো লেগেছে। সুন্দর গল্পের পাশাপাশি এ সিনেমায় দারুণ কিছু গান রয়েছে। আমার বিশ্বাস, দর্শকরা এ ছবিটি পছন্দ করবেন।
Reporter Name 
























