হাওর বার্তা ডেস্কঃ বিশ্বজুড়ে ছড়িয়েছে করোনা আতঙ্ক। কয়েকদিন আগে বাংলাদেশে তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
এবার ‘তোলপাড়’ সিনেমার শুটিং বাতিল করা হলো। সিনেমাটির পরিচালক মিজানুর রহমান মিজান রাইজিংবিডিকে বলেন, ‘‘তোলপাড়’ সিনেমার গানের শুটিং করতে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। সেভাবে প্রস্তুতিও নিয়েছিলাম। হঠাৎ করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় এই মুহুর্তে মালয়েশিয়া যাওয়া হচ্ছে না। আরো কয়েকদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করব। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’’
অ্যাকশন, প্রেম-ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘তোলপাড়’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সনি রহমান, মৌমিতা মৌ ও শাকিবা। এছাড়াও অভিনয় করছেন—মাহমুদুল ইসলাম মিঠু, ফকিরা, চিকন আলী, রুমি, মুনমুন, মারুফ আকিব প্রমুখ। সুইট ড্রিম মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমার প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে।
জাতির জনকের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’র শুটিংও স্থগিত করা হয়েছে। আগামী ১৮ মার্চ থেকে এ বায়োপিকের শুটিং শুরুর কথা ছিল। কিন্তু করোনাভাইরাসে সতর্কতা অবলম্বনে প্রথম লটের শুটিং স্থগিত করা হয়েছে।
শুধু তাই নয়, করোনা আতঙ্কে ‘যদি…কিন্তু…তবুও’ সিনেমার শুটিংও বন্ধ রাখা হয়েছে। অপূর্ব ও নুসরাত ফারিয়া অভিনীত এ সিনেমার শুটিং উত্তরার একটি হাউসে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা আতঙ্কে তা বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক শিহাব শাহীন। এছাড়া আরো কয়েকটি সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছিল, আপাতত সেগুলোরও শুটিং পরিকল্পনা স্থগিত করা হয়েছে।
Reporter Name 
























