হাওর বার্তা ডেস্কঃ তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী ও সিনে তারকা জয়ললিতার চরিত্রে ইতিমধ্যেই সাড়া ফেলেছে ‘থালাইভি’ ছবিতে কঙ্গনা রনৌতের লুক। চরিত্রটি ঠিকঠাক ফুটিয়ে তুলতে ২০ কেজি ওজন বাড়িয়েছিলেন এই বলিউড অভিনেত্রী। সেই ওজন ঝরানোর জন্য হাতে সময় মাত্র দুই মাস।
হিন্দুস্থান টাইমস জানায়, চরিত্রকে আরও বিশ্বাসযোগ্য করে ফুটিয়ে তোলার জন্য ওজন বাড়িয়েছেন কঙ্গনা। কিন্তু সমস্যা হচ্ছে, মাত্র দুই মাসের মধ্যে যাবতীয় মেদ ঝড়িয়ে ফেলতে হবে তাকে। ‘ধাকাড়’ ও ‘তেজস’ ছবির শুটিং শিগগিরই শুরু হতে চলেছে। তার আগে আগের স্লিম আকারে ফিরতে হবে বলিউড সুন্দরীকে।
সম্প্রতি ‘থালাইভি’র সেট থেকে ছবি শেয়ার করেছেন কঙ্গনার বোন রঙ্গোলি চান্ডেল। একটি শিডিউল শুধু শুট করা বাকি আছে বলে তিনি জানান।
অন্যদিকে ইনস্টাগ্রামে একটি ভিডিও কঙ্গনার টিম শেয়ার করেছে। সেখানে দেখা যাচ্ছে নিজের ট্রেনার যোগেশের সঙ্গে জিমে কসরত করছেন কঙ্গনা। অভিনেত্রী প্রথমে ভেবেছিলেন যে তিনি ১০ কিলো ওজন বাড়িয়েছেন। যোগেশের অনুমান ছিল কম করে ১৫ কিলো ওজন বেড়েছে অভিনেত্রী। শেষ অবধি দেখা যায়, যোগেশই ঠিক। মোট ১৮ কিলো ওজন বেড়েছে তার।
‘ধাকাড়’-এ একজন ফাইটারের চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা। ‘তেজস’-এ বিমানের পাইলটের ভূমিকায় দর্শকেরা দেখবে তাকে। এই দুই চরিত্রের জন্য ফিট হওয়ার জন্য দুই মাস সময় আছে তার কাছে।
Reporter Name 
























