হাওর বার্তা ডেস্কঃ চলতি সময়ের আলোচিত কন্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। এরইমধ্যে বেশ কিছু গান প্রকাশ হয়েছে তার, যা প্রশংসিত হয়েছে শ্রোতামহলে। বর্তমানে স্টেজেই বেশি ব্যস্ত এ শিল্পী। নিজের বর্তমান ব্যস্ততা ও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন কর্ণিয়া। তার সঙ্গে কথা বলে লিখেছেন ফয়সাল রাব্বিকীন।
কি অবস্থা? দিনকাল কেমন কাটছে?
বেশ ভালো আছি। দিনকালও সুন্দর কাটছে। তবে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে সময়টা।
এখন মূল ব্যস্ততা কি নিয়ে?
গান নিয়ে পুরো ব্যস্ততা। বিশেষ করে টানা স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। গত কয়েকদিনে ঢাকা, শেরপুর, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, গ্র্যান্ড সুলতান সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে শো করেছি। সামনেও শো রয়েছে। এপ্রিল পর্যন্ত এমন ব্যস্ততাতেই যাবে।
শো করাটা কেমন উপভোগ করা হয়?
স্টেজ আমার ভালোবাসার জায়গা। শ্রোতা-দর্শকদের সামনে গাইতে আমি খুব স্বাচ্ছ্বন্দ্যবোধ করি। আরো ভালো লাগে তখন যখন সাড়াটা সরাসরি পাই। অন্যরকম এক শক্তি যেন ভর করে নিজের ভেতর। এটা বলে বোঝানো যাবে না।
নতুন গানের কি খবর? কবে নাগাদ আসছে?
বেশ কিছু নতুন গান গাওয়া হয়ে গেছে। এগুলো পহেলা বৈশাখ ও ঈদে প্রকাশের কথা রয়েছে। ইবরার টিপু ভাইয়ের সঙ্গে করা একটি গানের ভিডিও প্রকাশের কথা রয়েছে সামনে। তাছাড়া আরো কিছু গানের কথাবার্তা চলছে। ব্যাটে বলে মিলে গেলে করে ফেলবো। এর বাইরে আমার একটি ব্যান্ড আছে, নাম ‘কর্ণিয়াস গ্যাং’। আমরা কাভার করছি কিছু গান। সেগুলোও সামনে ভালোভাবে প্রকাশের পরিকল্পনা রয়েছে।
প্লেব্যাকের অবস্থা কি?
সিনেমার গান গাইতে ভালো লাগে আমার। এখানে একটা চ্যালেঞ্জ থাকে। কারণ গল্প ও চিত্রায়নের ব্যাপার থাকে। সে অনুযায়ি গানটি গাইতে হয়। এ পর্যন্ত যে কটি সিনেমায় গেয়েছি বেশ ভালো সাড়া পেয়েছি। কদিন আগেও নতুন একটি ছবির গানে কন্ঠ দিয়েছি। নাম না ঠিক হওয়া ছবিটির পরিচালক অপূর্ব রানা। ‘কোনো এক রৌদ্র মাসে’ শিরোনামের এ গানটি গেয়েছি ভারতের গায়ক অশোক সিংয়ের সঙ্গে। সংগীত আয়োজন করেছেন কলকাতার লিংকন। আমার বিশ্বাস গানটি প্রকাশ পেলে ভালো লাগবে সবার। তাছাড়া আরো কিছু প্লেব্যাক বিষয়েও কথা চলছে।
মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে এখন?
এখন অবস্থা মোটামুটি ভালো। ডিজিটালি গান প্রকাশ হচ্ছে। শ্রোতারাও ইউটিউবেই বেশি গান শুনছে। প্রযোজনা প্রতিষ্ঠানগুলো ভালো গানে বিনিয়োগ করছে। সামনে অবস্থা আরো ভালোর দিকে যাবে বলেই বিশ্বাস।
এবার ভিন্ন প্রসঙ্গে আসি। বিয়ের বাদ্য কবে বাজছে?
এখন এসব নিয়ে ভাবছি না। কাজ নিয়ে ভাবছি শুধু। তবে এমন কোন সিদ্ধান্ত হলে অবশ্যই সবাইকে জানাবো।
Reporter Name 























