হাওর বার্তা ডেস্কঃ জান্নাতুল ফেরদৌস ঐশী। মিস ওয়ার্ল্ডের মঞ্চ থেকে তিনি এখন চিত্রনায়িকা। সাম্প্রতিক কাজ ও নানা প্রসঙ্গে তিনি কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত সাইদ খান
বর্তমান ব্যস্ততা…
এখন একটা বিজ্ঞাপনের কাজ করলাম। ভিটের বিজ্ঞাপন। বিজ্ঞাপনটির ভয়েস দিতে এই মুহূর্তে স্টুডিওতে আছি। আমি তো ভিটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ফলে তাদের তিনটি বিজ্ঞাপনে কাজ করলাম। বেশ ভালো ব্যস্ততার ভেতর দিয়েই যাচ্ছি। এর আগে আদনান আল রাজীবের দুটি বিজ্ঞাপনের কাজ করেছি।
সিনেমার কী খবর?
‘মিশন এক্সট্রিম’-এর কাজ শেষ করেছি। এর বাইরে ‘আদম’ ও ‘রাত জাগা ফুল’-এর কাজ করছি। ‘রাত জাগা ফুল’-এর শ্যুটিং শেষ। আর ‘আদম’-এর কিছু শ্যুটিং বাকি আছে।
‘মিশন এক্সট্রিম’-এর অভিজ্ঞতা কেমন?
‘মিশন এক্সট্রিম’ ছিল আমার প্রথম কাজ। প্রথমবার সিনেমার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা ‘মিশন এক্সট্রিম’ দিয়েই হয়েছে। এই অভিজ্ঞতা অবশ্যই স্পেশাল। বিশেষ করে এটি একটি বড় পরিসরের সিনেমা। অ্যাকশন ধাঁচের এই সিনেমার সেটআপ থেকে শুরু করে সবকিছুই ডিফরেন্ট ছিল।
আরিফিন শুভর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল?
খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে তার সঙ্গে কাজ করে। তিনি অনেক সাপোর্টিভ। শুধু কো-আর্টিস্ট নন, তিনি তো আমার সিনিয়রও বটে। তো একজন সিনিয়র হিসেবে যতটা সাপোর্ট দেওয়া দরকার আরিফিন শুভ আমাকে ততটাই সাপোর্ট দিয়েছেন। আমি অবশ্য এতটা এক্সপেক্টও করিনি।
প্রথম সিনেমা মুক্তির আগেই হাতে তিনটি সিনেমা…
আমি এটাকে সবার আশীর্বাদ হিসেবেই দেখছি। খুবই ভালো লাগছে যে, সবাই সুযোগ দিচ্ছেন আমাকে। আবার টেনশনও হয় যে, অ্যাক্টিং কেমন না কেমন করেছি। অভিনয় ভালো হয়েছে কি না? আমার অভিনয় না দেখেই সবাই আমাকে নিয়ে সিনেমা বানাচ্ছেন তো তাই কিছুটা দ্বিধা কাজ করে। আর আমি যেহেতু একেবারে নতুন সেহেতু আমার কাছে মনে হয় আমি অতটা অ্যাক্টিং জানি না, শিখছি কেবল। ফলে কেমন হয় না হয়, দর্শকই বা কেমন করে নেবে। এসব টেনশন কাজ করে।
মানে নিজে তৃপ্ত নন?
নিজের তৃপ্তি বা সন্তুষ্টির ব্যাপারটা আসলে নির্ভর করে নানা কিছুর ওপর। দ্বিধা কিছুটা আছে আবার তার মানে এই নয় যে আমি আমার কাজে একেবারেই সন্তুষ্ট নই। আমি মনে করি যা করেছি, যতটুকু করেছি, ভালোই করেছি। সেই আত্মবিশ্বাসটাও কাজ করে। নিজের কাজ নিয়ে নিজে একটাই শব্দ উচ্চারণ করব সেটা হচ্ছে ‘আলহামদুলিল্লাহ’।
নতুন আরও সিনেমা…
ওই তিন সিনেমার বাইরেও আরও কিছু সিনেমার ব্যাপারে
কথাবার্তা চলছে। এখনো কিছু ঠিকঠাক হয়নি। সব ঠিক হলে জানাতে পারব। আবার কিছু প্রজেক্টের জন্য বসার কথা থাকলেও ব্যক্তিগত নানা ঝামেলার কারণে বসা হয়নি।
ব্যক্তিগত জীবন কেমন কাটছে?
ব্যক্তিগত জীবন ভালোই কাটছে। বাবা-মা-পরিবার নিয়েই আমার ব্যক্তিগত জীবন। সঙ্গে পড়াশোনাও চালিয়ে যাচ্ছি।
Reporter Name 
























