হাওর বার্তা ডেস্কঃ বাঙালির জাতীয় জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি দিন হচ্ছে ২১ ফেব্রুয়ারি । তবে এই মাসের এই বিশেষ দিনটি ঢাকাই চলচ্চিত্রের জন্যও অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই দিনে জন্মগ্রহণ করেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সোহেল রানা।
দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, পরিচালক, প্রযোজক সোহেল রানার প্রকৃত নাম মাসুদ পারভেজ। ১৯৪৭ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকার মিডফোর্ট হাসপাতালে জন্মগ্রহণ করেছিলেন তিনি। আজ তাঁর ৭৪তম জন্মদিন। প্রতিবারের মতো এবারও পরিবারের সঙ্গে দিনটি কাটাবেন তিনি।
সোহেল রানার বাবা মরহুম আব্দুল মালিক আর মা মরহুমা দেলওয়ারা বেগম। তার বাবা ছিলেন একজন পুলিশ অফিসার।
বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ এর প্রযোজনা করেছেন সোহেল রানা। কিন্তু পরবর্তীতে নায়ক খ্যাতির আড়ালে ঢাকা পড়ে যায় তাঁর প্রযোজক পরিচয়।
সোহেল রানার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান পারভেজ ফিল্মসের ব্যানারে ৩০টির অধিক চলচ্চিত্র নির্মিত হয়েছে। এগুলো হলো- ওরা ১১ জন, মাসুদ রানা, দস্যু বনহুর, গুনাহগার, জবাব, যাদুনগর, জীবন নৌকা, যুবরাজ, নাগ পূর্ণিমা, বিদ্রোহী, রক্তের বন্দী, লড়াকু, মাড়কশা, বজ্রমুষ্ঠি, ঘেরাও, চোখের পানি, ঘরের শত্রু, গৃহযুদ্ধ, মৃত্যুর সাথে পাঞ্জা, শত্রু সাবধান, খাইছি তোরে, ভালোবাসার মূল্য কত, অন্ধকারে চিতা, ভয়ংকর রাজা, ডালভাত, চারিদিকে অন্ধকার, রিটার্ন টিকিট ও মায়ের জন্য পাগল। গুণী এই নায়কের ছেলেও এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই নির্মাণ করেন ‘অদৃশ্য শত্রু’ নামের চলচ্চিত্র।
দীর্ঘ চলচ্চিত্র জীবনে সোহেল রানা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ব্যক্তিজীবনে সোহেল রানা ১৯৯০ সালে বিয়ে করেন ডা. জিনাত পারভেজকে। তাদের সুখের দাম্পত্যে একমাত্র সন্তান মাশরুর পারভেজ জিবরান। বাবার পথ ধরে মাশরুরও চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছেন।
Reporter Name 























