হাওর বার্তা ডেস্কঃ কাজী হায়াৎ ও শাকিব খান জুটির প্রথম সিনেমা ‘বীর’ মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি। শনিবার সন্ধ্যায় প্রকাশ হয়েছে আকর্ষণীয় ট্রেলার। যার প্রশংসায় মেতেছেন এই নায়কের ভক্তরা।
সোয়া তিন মিনিটের এই ভিডিওতে উঠে এসেছে সিনেমাটির চুম্বক অংশ। সেখান থেকে বোঝা যায়, বরাবরের মতো রাজনৈতিক ও সমাজ সচেতনতামূলক গল্প নিয়ে হাজির হয়েছেন কাজী হায়াৎ। একদম নতুন অবতারে হাজির হয়েছেন শাকিব। তাকে পাওয়া গেল আঞ্চলিক সংলাপে।
গল্পে উঠে এসেছে নির্বাচন, সৎ নেতৃত্ব ও সমাজে বিদ্যমান অন্যায়-অবিচারের কথা। যার বিরুদ্ধে রুখে দাঁড়ান ঢালিউডের এক নম্বর নায়ক।
‘বীর’ নির্মিত হয়েছে শাকিব খানের এসকে ফিল্মসের ব্যানারে। পাশাপাশি প্রযোজনা করছেন মো. ইকবাল। তিনি জানালেন দেড়শটি প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্যে এগোচ্ছেন তারা।
ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলি। সঙ্গে আছেন মিশা সওদাগর, নাদিম প্রমুখ।
‘বীর’ কাজী হায়াতের ৫০তম চলচ্চিত্র। আর চলতি বছরে এটি হতে যাচ্ছে শাকিবের মুক্তি পাওয়া প্রথম সিনেমা।
এর আগে প্রকাশ হয়েছে সিনেমাটির প্রথম গান ‘তুমি আমার জীবন’। ইমরান ও কোনালের গাওয়া গানটির ভিডিও ততটা সাড়া জাগাতে পারেনি।
পরিচালনার পাশাপাশি ‘বীর’-এর কাহিনি ও সংলাপ লিখেছেন কাজী হায়াৎ।
Reporter Name 























