হাওর বার্তা ডেস্কঃ ক্যারিয়ারের এক দশকে পা রেখেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। ২০১০ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার রানারআপ হয়ে আলোচনায় আসেন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। নাটক, সিনেমা, বিজ্ঞাপনে সমানতালে করে যাচ্ছেন তিনি। সাম্প্রতিক ব্যস্ততা ও অন্যান্য বিষয়ে মৌসুমী জানান, সম্প্রতি তিনি ‘ঘুন মিয়ার মেঘ’ শিরোনামের একটি নাটকের কাজ শেষ করেছেন। দয়াল সাহার চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন সুব্রত সঞ্জীব। তার বিপরীতে এ নাটকে আছেন শতাব্দী ওয়াদুদ। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানোর লক্ষ্যে নাটকটি নির্মিত হয়েছে। এর মাধ্যমে দর্শকরা একটা শিক্ষণীয় বার্তা পাবেন। যেমন গল্পে কাজ করতে চাই এটি তেমনই। আসলে একজন শিল্পী হিসেবে তো কিছুর দায়বদ্ধতা আছে। এই নাটকটি দেখে যদি একজন মানুষও সচেতন হয় তাতেই সার্থক।’ এদিকে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’ নামের একটি চলচ্চিত্র। এ ছবিটি বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই মুক্তি পাবে। এতে তাকে দেখা যাবে একজন বিধবার চরিত্রে। ‘গোর’ সিনেমা নিয়ে মৌসুমী বলেন, ‘এই সিনেমা নিয়ে আমি অনেক এক্সাইটেড। ছবির শুটিংয়ের আগে অনেক প্রস্তুতি নিয়েছিলাম। গাজী রাকায়েত ভাই খুব যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন। আসলে পরিচালক-শিল্পীর বোঝাপড়াটা ভালো হওয়ায় সিনেমাটি খুব ভালো হয়েছে।’ নতুন সিনেমার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘কথা চলছে। শিগগিরই নতুন সিনেমার কাজ শুরু করব। চূড়ান্ত হলে সব কিছু জানাতে পারব।’ বর্তমান সিনেমা ও নাটকের ইন্ডাস্ট্রি নিয়ে জানতে চাইলে মৌসুমী বলেন, ‘ইন্ডাস্ট্রি নিয়ে বেশি কিছু বলতে চাই না। নাটক-সিনেমা দুই জায়গাতেই বিভিন্ন সমস্যা বা সঙ্কট চলছে। তবে আমাদের সম্ভাবনার হারও কম নয়। সবাই চেষ্টা করছি। দেখা যাক কী হয়।’ আসন্ন ভালোবাসা দিবসে মাকসুদুর রহমান বিশালের পরিচালনায় ‘তোমাকেই বলে দেব’ শিরোনামের নাটকেও দেখা মিলবে তার। একক নাটকের বাইরে ধারাবাহিক নাটকেও সমানতালে অভিনয় করছেন মৌসুমী হামিদ।
সংবাদ শিরোনাম
নাটক-সিনেমায় সঙ্কট চলছে : মৌসুমী হামিদ
-
Reporter Name - আপডেট টাইম : ০৪:৩৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- ৪১৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ
























