হাওর বার্তা ডেস্কঃ আসন্ন একাদশ সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে প্রধানমন্ত্রী এবং স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দু’জনই সংসদ সদস্য প্রার্থী হিসেবে আ’লীগ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও’র কাছে স্পিকার নিজেই মনোনয়ন পত্র ২টি দাখিল করেন।
এ সময় রংপুর-৫, মিঠাপুকুর আসনের আ’লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী এইচএন আশিকুর রহমান, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুর মোঃ মন্ডল, ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, রংপুর জেলা আ’লীগ সম্পাদক এ্যাডঃ রেজাউল করিম, জেলা আ’লীগ নেতা একেএম ছায়াদত হোসেন বকুল, শাহিদুল ইসলাম পিন্টুসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী এবং আমার জন্য মনোনয়নপত্র আমি সরাসরি এসে দাখিল করলাম। শেষ পর্যন্ত কে নির্বাচন প্রার্থী থাকবেন, সেটা দল নির্ধারন করবে।
উল্লেখ্য, এবার গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসন থেকে প্রার্থী হচ্ছেন মহাজোটের শীর্ষ নেত্রী শেখ হাসিনা। এ দুটি আসনে বহুদিন ধরে তিনি নির্বাচন করে আসছেন। রংপুরের পীরগঞ্জ আসনটি শেখ হাসিনার শ্বশুরবাড়ির আসন।
১০ম সংসদ নির্বাচনে রংপুর-৬, পীরগঞ্জ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী হন এবং উপনির্বাচনে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্য হন।
নবম সংসদ নির্বাচনে শেখ হাসিনা তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আসনগুলো হল-গোপালগঞ্জ-৩, রংপুর-৬ ও বাগেরহাট-১। তার আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা লড়েন চারটি আসনে।
এগুলো হল-গোপালগঞ্জ-৩, বাগেরহাট-১, নড়াইল-২ ও রংপুর-৬। এর মধ্যে ওই নির্বাচনে প্রথম তিনটিতে জয়লাভ করেন তিনি।
Reporter Name 
























