হাওর বার্তা ডেস্কঃ সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ) আসনে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুরের এক গ্রামের তিন ‘সৈয়দ’ মনোনয়ন যুদ্ধে নেমেছেন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি দুইজন এবং বিএনপির মনোনয়ন প্রত্যাশি একজন।
দলীয় মনোনয়ন প্রত্যাশিরা হলেন, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম, একই গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল সৈয়দ আলী আহমদ।
ইতিমধ্যে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন সৈয়দ আবুল কাশেম ও সৈয়দ সাজিদুর রহমান ফারুক। অন্যদিকে সৈয়দ আলী আহমদ বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। জমা দেবেন আগামী ১৮ই নভেম্বর। সম্ভাব্য এই তিন প্রার্থী দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রীয় পর্যায়ে লবিং চালিয়ে যাচ্ছেন বলে তাদের সমর্থকরা জানিয়েছেন।
সৈয়দপুর গ্রামের বাসিন্দা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আবুল কাশেম বলেন, প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে। ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছি। তাই নৌকা নিয়ে নির্বাচন করব সে প্রত্যাশা নিয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।
একই গ্রামের মনোনয়ন প্রত্যাশি যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, আমি দেশের সকল ক্রান্তিকালে মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আওয়ামী লীগের প্রার্থী হয়ে এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। তাই মনোনয়ন জমা দিয়েছি।
গ্রামের আরেক মনোনয়ন প্রত্যাশি কর্নেল (অব:) সৈয়দ আলী আহমদ বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি হলে বিএনপির প্রাথী হিসেবে নির্বাচন করতে চাই। এজন্য আজ মনোনয়নপত্র সংগ্রহ করা হবে।
Reporter Name 
























