হাওর বার্তা ডেস্কঃ এবারের নির্বাচনে দলের চ‚ড়ান্ত মনোনয়ন দেয়ার সঙ্গে প্রত্যেক প্রার্থীকেই প্রত্যাহারপত্র দেবে আওয়ামী লীগ। জরিপ অনুযায়ী ক্ষমতাসীন দল ৩০০ আসনেই তার নিজস্ব প্রার্থীকে মনোনয়ন দেবে। তবে শরীকদের সঙ্গে আসন বণ্টন চূড়ান্ত হলে সেই ছেড়ে দেয়া আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন। আর এ জন্যই প্রত্যেক প্রার্থীকে প্রত্যাহারপত্র দেয়া হবে। এ কারণে প্রার্থিতা প্রত্যাহারের আগ পর্যন্ত কারা নৌকাসহ আওয়ামী লীগের চ‚ড়ান্ত প্রার্থী তা জানা যাচ্ছে না বলে আওয়ামী লীগের নীতিনির্ধারকদের সঙ্গে আলাপে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, দুই-এক দিনের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করা হবে। আজকালের মধ্যে এই তালিকা প্রকাশ করতে পারেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রার্থীদের চূড়ান্ত তালিকা মহাজোটের শরিকদের ছাড়াই প্রকাশ করা হবে। প্রার্থী হিসেবে যারা চূড়ান্তভাবে মনোনীত হবেন তাদেরকে চিঠির মাধ্যমে তা জানানো হবে। তবে সেই চিঠির সঙ্গে একটি করে প্রত্যাহারপত্রও দেয়া হবে। ফরম পাওয়র দু’দিনের মধ্যে স্বাক্ষর করে তা ফেরত পাঠানোর সিদ্ধান্ত দলের হাইকমান্ড নিয়েছেন বলে জানান সূত্রটি।
জানা গেছে, আওয়ামী লীগের ৩০০ আসনে মনোনয়ন নিশ্চিত করার ৩ থেকে ৪ দিনের মধ্যে জোটের শরিকদের মনোনয়ন নিশ্চিত করা হবে। শরিকদের যেসব আসন ছেড়ে দেয়া হবে, সে সব আসন থেকে আওয়ামী লীগের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়া হবে। যেসব আসনে জোট শরিকদের মনোনয়ন দেয়া হবে সেই মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে তার পক্ষে কাজ করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশনা দেবে দলের হাইকমান্ড।
আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়নে পরে কী করে শরিকদের মনোনয়ন নিশ্চিত করা হবে, তখন আসন ভাগাভাগি কী ভাবে হবে-এমন প্রশ্নের জবাবে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমাদের নিয়ম এটাই। মনোনয়ন নিশ্চিত হওয়ার পর আমরা চিঠি দেব। সঙ্গে সঙ্গে প্রত্যাহার পত্র দেয়া হবে। শরিকদের আসনে মনোনয়ন পাওয়া আমাদের দলের প্রার্থী নিজেই তার প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন।
দলের একাধিক সূত্র জানায়, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জরিপ প্রতিষ্ঠান এবং দলের অভিজ্ঞ একাধিক টিমের মাধ্যমে কয়েক দফা মাঠ জরিপ চালিয়ে ৩০০ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের প্রকৃত জনপ্রিয়তা আর ভোটের চিত্র তুলে আনা হয়। এসব জরিপের ফলাফল, তথ্য উপাত্ত এখন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হাতে। শুধু তাই নয়, সব আসনে সম্ভাব্য একক প্রার্থীও ঠিক করে রেখেছেন দলের হাইকমান্ড। আন্তর্জাতিক চার প্রতিষ্ঠানের আসনভিত্তিক সর্বশেষ জরিপ প্রতিবেদনটি এসেছে গত মঙ্গলবার। এটিসহ আগের জরিপ প্রতিবেদনগুলো নিয়ে আসনভিত্তিক বিশ্লেষণ চালাচ্ছে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড। শেখ হাসিনা নিজেও শেষ মুহূর্তের জরিপ রিপোর্ট পর্যালোচনা করছেন।
সূত্র আরো জানায়, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো দিয়ে জরিপ চালানোর ক্ষেত্রে সহযোগিতা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আমেরিকা, কানাডা, ব্রিটেনসহ চারটি দেশের বিশেষজ্ঞদের দিয়ে জরিপ চালানো হয়েছে।
এবার আওয়ামী লীগের মনোনয়ন পেতে ৪ হাজার ২৩ জন আবেদনপত্র সংগ্রহ করেছেন। বুধবার গণভবনে তাদের ডেকে দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, এত প্রার্থীর মধ্যে ৩০০ জনকে বেছে নেয়া কঠিন কাজ। মনোনয়ন বোর্ডে বসে যাচাই-বাছাই করে ঠিক করা হবে। তবে যাকে মনোনয়ন দেয়া হবে তার পক্ষে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মনোনীত প্রার্থীর বিরোধিতা করা হলে দল থেকে আজীবন বহিষ্কার করা হবে।
সংসদীয় বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের তৃণমূল থেকে যেসব মন্ত্রী-এমপির বিরুদ্ধে নানা অভিযোগ ও অনাস্থা রয়েছে বা আনা হয়েছে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন না। অনেক এমপি এলাকার সঙ্গে সম্পর্কহীন, নানা কারণে বিতর্কিত, জনবিচ্ছিন্ন, দলীয় নেতাকর্মীদের মামলা-হামলা করে বিপর্যস্ত করেছেন। পাশাপাশি তারা ক্ষমতার অপব্যবহার করে দলের ভেতর দল-উপদল সৃষ্টি করেছেন, আত্মীয়স্বজনদের লাগামহীন আচরণ ও দুর্নীতি প্রশ্রয় দিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করেছেন- এবার তাদের কপাল পুড়বে।
তারা আরো জানান, মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে তৃণমূলের অনেক নেতা প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছেন। কার বিরুদ্ধে কী কী অভিযোগ আছে তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের বিষয়গুলো সত্যি না বানোয়াট সেগুলো পরখ করা হচ্ছে।
জানতে চাইলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ নিচ্ছে। বিরোধীপক্ষের সঙ্গে যেন লড়াই করে জিতে আসতে পারেন- এমন প্রার্থীকে মনোনয়ন দিতে চান প্রধানমন্ত্রী। এ জন্য ব্যক্তিগতভাবে প্রার্থীদের তথ্য সংগ্রহ করেছেন তিনি। এ ব্যাপারে বিভিন্ন সংস্থার রিপোর্টও দেখা হচ্ছে। নানাভাবে যাচাই-বাছাই চলছে। যেসব আসনে একক প্রার্থী: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আট বিভাগের মধ্যে পাঁচ বিভাগের ৭টি আসনে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বুথ সংশ্লিষ্টরা এতথ্য নিশ্চিত করেছেন।
একক প্রার্থী হিসেবে গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বরিশাল-১ আসন থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শেখ হাসনাত আবদুল্লাহ, বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসন থেকে শেখ সালাউদ্দিন জুয়েল, মৌলভীবাজার-১ আসন থেকে শাহাবুদ্দিন, নোয়াখালী-৫ আসন থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগে কোনো আসনে একক প্রার্থীর নামের তালিকা পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন দলের দাবির পরিপ্রেক্ষিতে ১২ নভেম্বর পুনর্নির্ধারিত তফসিল প্রজ্ঞাপন আকারে জারি করে নির্বাচন কমিশন (ইসি)। পুনঃতফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটের গ্রহণ ৩০ ডিসেম্বর।
Reporter Name 
























