হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলছেন, ২০২০ সালে আগেই বাংলাদেশের মানুষকে ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত করা সম্ভব হবে। ওই সময়ে বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। কোনো মানুষ রোগে ধুঁকে মরবে না। তারা চিকিৎসা পাবে। প্রতিটি ছেলেমেয়ে স্কুলে যাবে, লেখাপড়া শিখবে এবং উচ্চ শিক্ষায় সুশিক্ষিত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আগেই তা সম্ভব বলেই তিনি আশা প্রকাশ করে বলেন, নৌকায় ভোট দিলে সুখ-সমৃদ্ধি দুটোই পাবেন। তাই নৌকা মার্কায় ভোট চেয়েছেন তিনি। পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ ২১টি প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দক্ষিণাঞ্চল ঘিরে তার উন্নয়নের মহাপরিকল্পনার কথা তুলে ধরেছেন। এবং জনতার উদ্দেশ্যে দেয়া বক্তব্যে নৌকা মার্কায় ভোট চেয়ে একথা বলেন প্রধানমন্ত্রী।
এসময় পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য নির্মিত পুনর্বাসন কেন্দ্র ‘স্বপ্নের ঠিকানা’র দলিল ও চাবি হস্তান্তর করা হয়। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী স্বপ্নের ঠিকানার ঘরগুলো ঘুরে দেখেন এবং সেখানে একটি নারকেল গাছের চারা রোপণ করেন। এর আগে তিনি প্রাঙ্গণের একটি পুকুরে মাছের পোনা ছাড়েন। প্রধানমন্ত্রী পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র এলাকা এবং বয়লার টাওয়ারও পরিদর্শন করেন। এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ অঞ্চলকে ঘিরে আমাদের মহাপরিকল্পনা রয়েছে। এখানে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা আমাদের লক্ষ্য। দেশের দক্ষিণাঞ্চলে দেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনার কথাও এ অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আমরা আরেকটি দ্বীপ খুঁজছি। অ্যাটমিক এনার্জির লোকরা তা দেখছে। আমরা ফিজিবিলিটি স্টাডিও করছি। এখানে আমরা আরেকটি পরমাণবিক বিদ্যুৎকেন্দ্র গড়ে তুলবো। সব মিলিয়ে এ অঞ্চল আর অবহেলিত থাকবে না। দেশের সমুদ্রসম্পদ কাজে লাগনোর ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, এই সমুদ্রসীমা আমরা কাজে লাগাব। ব্লু ইকোনমি পরিকল্পনা ইতোমধ্যে ঘোষণা দিয়েছি। এ সমুদ্র সম্পদ যাতে আমাদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজে লাগে তার ব্যবস্থা নেব। সমুদ্র সম্পদ আহরণকে কেন্দ্র করে বিশাল কর্মযজ্ঞ শুরু হবে। এলাকাবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, নৌকায় ভোট দিলে সুখ ও সমৃদ্ধি দুটোই পাবেন। এলাকার উন্নয়ন ও লোকজনের কর্মসংস্থান হবে। স্বপ্নের ঠিকানার উদ্বোধন করে প্রধামন্ত্রী বলেন, প্রকল্প করতে গিয়ে যাদের কাছ থেকে জমি নিয়েছি তাদের তিনগুণ দাম পরিশোধ করেছি।
বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে ১৩০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেককে ঘর তৈরি করে দিয়েছি। তারা পরিবার নিয়ে যেন ভালোভাবে খেতে পারেন, সেই ব্যবস্থা করে দিয়েছি। উন্নয়ন করতে গিয়ে কোনো মানুষ যেন কষ্ট না পায়, তাদের জীবনমান যেন কখনও হুমকিতে না পড়ে। তাদের জীবনমান যেন আরও উন্নত হয়। সেদিকে লক্ষ্য রেখেই কাজ করে যাচ্ছি। এখানে রাস্তাঘাট, খেলার মাঠ, স্কুল, মসজিদ, কাঁচাবাজার, টিউবওয়েল, পুকুর, কমিউনিটি সেন্টার, কমিউনিটি ক্লিনিক, দোকানপাট এবং প্রত্যেক বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, নির্দেশ দিয়েছি একটি সাইক্লোন সেন্টার এখানে গড়ে উঠবে। মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার নির্মাণ করা হবে। পায়রাবন্দরেও একটি সাইক্লোন সেন্টার গড়ে উঠবে। স্বপ্নের ঠিকানা দিয়ে যে বাড়িগুলো গড়ে তুলেছি সেখানে যারা বসবাস করবেন সেখানে তারা সুন্দরভাবে থাকতে পারবেন। এখানে বিদ্যুৎকেন্দ্র হলে এলাকার লোকজনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এ অঞ্চলে একটি নৌবাহিনীর ঘাঁটি হচ্ছে।
পাশাপাশি একটি সেনানিবাস করে দিচ্ছি। দক্ষিণে একটি বিমানবাহিনীরও ঘাঁটি হচ্ছে। এ অঞ্চল সব সময় অবহেলিত ছিল। তাই এ অঞ্চলকে ঘিরে নানা পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, দুই টার্ম (১০ বছর) আমরা রাষ্ট্র পরিচালনা করেছি। সারা দেশেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। প্রতিটি এলাকায় মানুষ যেন ভালোভাবে চলতে পারে সেটা করতে সক্ষম হয়েছি। বিদ্যুৎ উৎপাদন ২০ হাজার মেগাওয়াটে বৃদ্ধি করেছি। এখানে যে বিদ্যুৎকেন্দ্র হচ্ছে সেখান থেকে ১৩০০ মেগাওয়াট বিদুৎ উৎপাদন হবে। শুধু ঘরে বিদ্যুৎ যাবে না, এ বিদ্যুৎ শিল্প-কলকারখানায়ও যাবে। কৃষি যান্ত্রিকীকরণ করব, সেখানে বিদ্যুতের প্রয়োজন হবে। ব্যবসা-বাণিজ্যের সুযোগ সৃষ্টি হবে।তিনি বলেন, এ অঞ্চলের মানুষ কখনও কষ্ট পাবে না। তাদের জীবনমান উন্নত হবে। সে লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে এ অঞ্চলকে ঘিরে আরও পরিকল্পনা আছে। এখানে এলএনজি স্টেশন গড়ে উঠবে। ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র গড়ে তুলতে যা কিছু করা দরকার তা করা হবে।
বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের দেশকে আধুনিক প্রযুক্তিজ্ঞানসম্পন্ন উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পটুয়াখালী সরকারি কলেজে নির্মিত পাঁচতলা ছাত্রীনিবাস ও নবনির্মিত একাডেমিক কাম এক্সামিনেশন হল, হাজী আক্কেল আলী হাওলাদার কলেজে নবনির্মিত অ্যাকাডেমিক ভবন, ইসহাক মডেল ডিগ্রি কলেজে বনির্মিত অ্যাকাডেমিক ভবন, কুয়াকাটা খানাবাদ কলেজে নবনির্মিত অ্যাকাডেমিক ভবন, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজে নবনির্মিত অ্যাকাডেমিক ভবন, আলহাজ জালাল উদ্দিন কলেজে নির্মিত অ্যাকাডেমিক ভবন, মির্জাগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্র, পটুয়াখালী সরকারি কলেজে ৫তলা বিজ্ঞান ভবন, মির্জাগঞ্জ শ্রীমন্ত নদীর ওপর ৯৬ মিটার দীর্ঘ সেতু, কলাপাড়ায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্র, বরগুনা হাসপাতালকে ৫০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, বামনা ও বেতাগী উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বরগুনা জেলা গণগ্রন্থাগার, বরগুনা জেলা পুলিশ লাইনে মহিলা ব্যারাক, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য হোস্টেল নির্মাণ ও সম্প্রসারণ, বরগুনা সদর ইউনিয়ন ভূমি অফিস, বরগুনা সদর-পাথরঘাটা-আমতলীতে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, তালতলী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধনসহ ২১টি প্রকল্পের উদ্বোধন করেন। প্রধামন্ত্রী বলেন, আমি চাই এ প্রকল্পগুলো যেন যথাযথভাবে চলে। এর ব্যবহারও যেন সুন্দরভাবে হয়। তিনি বলেন, জাতির পিতার পরিকল্পনা ছিল শুধু রাজধানী বা কেন্দ্রভিত্তিক না, তৃণমূলের গ্রামের মানুষের উন্নয়ন হয় সেটাই তিনি চেয়েছিলেন কিন্তু ঘাতকের বুলেটের আঘাতে আমরা তাকে হারালাম।
Reporter Name 
























