হাওর বার্তা ডেস্কঃ আইসিসির নতুন নিয়ম আগামী ২৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। সেই দিনই শুরু বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। খেলা হবে নতুন নিয়মে।
ভারত-অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সীমিত ওভারের সিরিজে অবশ্য নতুন নিয়ম খাটবে না। নিয়মগুলো দুই সিরিজেরই মাঝপথে চালু হচ্ছে বলে এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
আইসিসির ক্রিকেট কমিটি গত মে মাসে ডিআরএস, ব্যাটের সাইজসহ ক্রিকেটের আইন পরিবর্তন করার যেসব সুপারিশ করেছিল, জুনে সেগুলোর অনুমোদন দেয় প্রধান নির্বাহীদের কমিটি ৷ নিয়মগুলো ১ অক্টোবর থেকে প্রয়োগের কথা থাকলেও তা ২৮ সেপ্টেম্বর থেকেই চালু হচ্ছে।
আগামী ২৮ সেপ্টেম্বর পচেফস্ট্রুম মে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। একই দিন বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে চতুর্থ ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। একই দিনে দুইটা ম্যাচ ভিন্ন নিয়মে দেখবে আন্তর্জাতিক ক্রিকেট!
১৭ সেপ্টেম্বরই শুরু হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাচ টি-টোয়েন্টির ভারত সফর। ১৩ অক্টোবর হবে শেষ টি-টোয়েন্টি ম্যাচ। ডেভিড ওয়ার্নার, মহেন্দ্র সিং ধোনিদের ‘ভারী’ ব্যাটের দিনও শেষ হবে সেদিনই!
এক নজরে নতুন নিয়মগুলো:
ডিআরএস
বর্তমানে আম্পায়ারের কোনো এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত রিভিউ নেয়া হলে, যদি রিপ্লেতে ‘আম্পায়ার্স কল’ দেখা যায় তবে সে সিদ্ধান্ত আর পরিবর্তন হয় না এবং আবেদন করা দলটির একটি রিভিউ নষ্ট হয়ে যায়। তবে নতুন নিয়মে এলবিডব্লিউর সিদ্ধান্তে ‘আম্পায়ার্স কল’ হলে সিদ্ধান্ত পক্ষে না পাওয়া দলকে রিভিউ হারাতে হবে না।
প্রতি ৮০ ওভারে নতুন দুটি রিভিউ পাওয়ার নিয়মটা অবশ্য থাকছে না। নতুন নিয়মে পুরো ইনিংসেই শুধু দুটি রিভিউ থাকবে। আন্তর্জাতিক ক্রিকেটে ডিআরএস ব্যবহারের ন্যূনতম মানদণ্ডও ঠিক করে দেয়া হয়েছে। বাধ্যতামূলক হচ্ছে বল-ট্র্যাকিং ও এজ-ডিকটেশন প্রযুক্তি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও থাকবে রিভিউ।
ব্যাটের আকৃতি
ব্যাট-বলের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে আইসিসি ব্যাটের আকৃতির ব্যাপারে সুপারিশের অনুমোদন দিয়েছে। এই নিয়ম অনুযায়ী ব্যাটের প্রস্থ হবে ১০৮ মিলিমিটার (৪.২৫ ইঞ্চি)। পুরু হবে সর্বোচ্চ ৬৭ মিলিমিটার। আর কিনারা হবে ৪০ মিলিমিটার।
অসদাচরণের শাস্তি
নতুন নিয়মে মাঠে সর্বোচ্চ পর্যায়ের অসভ্য আচরণের শাস্তি হিসেবে ক্রিকেটারদের বের করে দিতে পারবেন আম্পায়ার।
রানআউটের নিয়ম সংশোধন
বর্তমানে ব্যাটসম্যান ক্রিজ অতিক্রম করার পর বেল পড়ার সময় যদি তার ব্যাট বা পা শূন্যে থাকে, তাহলে তাকে আউট দেয়া হয়। কিন্তু নতুন নিয়মে একবার ব্যাট বা পা ক্রিজ অতিক্রম করলে, পরে শূন্যে থাকলেও ব্যাটসম্যানকে আর রানআউট হতে হবে না।
Reporter Name 
























