হাওরাঞ্চলের কৃতি সন্তানের জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়ার খবরে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের অষ্টগ্রামসহ সমগ্র হাওরবাসী।
জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অষ্টগ্রামের গর্ব, বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ অ্যাডভোকেট মাহবুবুল আলম আখতার।
বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবরটি প্রকাশের পর থেকেই অষ্টগ্রাম, ইটনা, মিঠামইনসহ সমগ্র হাওরাঞ্চলে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়েও শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যায় ভাসছেন তিনি।
দীর্ঘ রাজনৈতিক জীবনে ছাত্রদল ও যুবদলের আদর্শিক রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত থেকে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মাহবুবুল আলম আখতার। ছাত্রজীবন থেকেই গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকারের প্রশ্নে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে হামলা, মামলা, কারাবরণ ও নানা নির্যাতনের মুখোমুখি হলেও দলীয় আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি।
স্থানীয় নেতাকর্মীদের মতে, সাংগঠনিক দক্ষতা, কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষার স্বীকৃতি হিসেবেই তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। হাওরাঞ্চলের মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং সাধারণ মানুষের প্রতি আন্তরিকতার কারণে তিনি দলমত নির্বিশেষে সকলের কাছে একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত।
অষ্টগ্রামের প্রবীণ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, মাহবুবুল আলম আখতারের এ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি সমগ্র হাওরাঞ্চলের মানুষের জন্য গর্বের বিষয়। তাঁর এ পদায়নের মাধ্যমে জাতীয় রাজনীতিতে হাওরের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত মানবাধিকার বিষয়ক সম্পাদক মাহবুবুল আলম আখতার তাঁর ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
হাওরের জনপদ থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হওয়া মাহবুবুল আলম আখতার আজ শুধু অষ্টগ্রামের নয়, সমগ্র হাওরবাসীর গর্ব ও অনুপ্রেরণার প্রতীক।
Reporter Name 





















