গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাড়ি, ব্যক্তিগত কার্যালয় ও মালিকানাধীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ পৌর শাখার আহ্বায়ক ওমর ফারুক খানসহ সংগঠনটির কয়েকজন নেতাকর্মী সংসদ সদস্যের বাড়ি ও আরাফ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালান। এ সময় ক্লিনিকের নিচতলায় অবস্থিত এমপির ব্যক্তিগত কার্যালয় থেকে আসবাবপত্র ও অন্যান্য মালামাল বাইরে বের করে আগুন ধরিয়ে দেওয়া হয়।
হামলাকারীদের এ সময় ফেসবুক লাইভে এসে বিভিন্ন স্লোগান দিতে ও উল্লাস প্রকাশ করতে দেখা যায় বলে জানা গেছে।
অগ্নিসংযোগের ঘটনায় ক্লিনিকে চিকিৎসাধীন রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কথা ভেবে তারা ক্লিনিক ছেড়ে অন্যত্র আশ্রয় নেন।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Reporter Name 
























