নতুন প্রজন্মকে বেশ বুদ্ধিমান মনে করেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। বিশেষ করে তার ১৬ বছর বয়সী মেয়ে শোরা সিদ্দিকীর সিনেমা ও অভিনয় সম্পর্কে জানাশোনা দেখে মুগ্ধ এই অভিনেতা।
নওয়াজের মতে, মাত্র তিন-চার বছরেই তার মেয়ে বিশ্বের নানা দেশের এত সিনেমা দেখেছে, যা তিনি নিজেও দেখেননি।সম্প্রতি নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেন জি প্রজন্মের চিন্তাভাবনা ও সিনেমা দেখার অভ্যাস নিয়ে কথা বলেন নওয়াজউদ্দিন। তার মতে, বিশ্ব সম্পর্কে জানার সুযোগ বেশি থাকায় এই প্রজন্ম আগের তুলনায় অনেক বেশি সচেতন ও আত্মবিশ্বাসী।
নওয়াজ বলেন, ‘আমার মনে হয়, বর্তমান জেন জি প্রজন্ম, বিশেষ করে ১৫ থেকে ১৮ বছর বয়সীরা অনেক বেশি বুদ্ধিমান।
বিশ্ব সম্পর্কে জানার যে সুযোগ তারা পাচ্ছে, তা আমাদের সময়ে ছিল না। আমরা মা-বাবাকে প্রশ্ন করতেও ভয় পেতাম, এমনকি তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহসও হতো না। অথচ এখনকার ছেলেমেয়েরা সরাসরি প্রশ্ন করে।’তার মতে, বিশ্বজুড়ে তৈরি হওয়া সিনেমা দেখার সুযোগও নতুন প্রজন্মের চিন্তাভাবনায় বড় প্রভাব ফেলেছে।
এখনকার তরুণেরা এমন অনেক সিনেমা দেখে ফেলেছে, যেগুলোর সঙ্গে হয়তো বড়রাও পরিচিত নন।নিজের মেয়ের উদাহরণ দিয়ে নওয়াজ বলেন, প্রথমে তিনিও নতুন প্রজন্মের জানাশোনাকে যথাযথ গুরুত্ব দেননি। কিন্তু শোরার সিনেমা ও অভিনয় সম্পর্কে জ্ঞান তার ধারণা বদলে দিয়েছে।
অভিনেতার ভাষায়, ‘আমি যখন মেয়ের দিকে ভালোভাবে খেয়াল করলাম, বুঝতে পারলাম অভিনয় সম্পর্কে সে আসলে অনেক কিছু জানে। কারণ, মাত্র তিন-চার বছরে সে বিশ্বের নানা দেশের আমার চেয়েও বেশি সিনেমা দেখেছে।
অভিনয়ে আগ্রহী শোরা ইতিমধ্যে অভিনয় ও পারফর্মিং আর্টস নিয়ে শেখা শুরু করেছে। বাবার সঙ্গে ‘নাকাব’ নামের একটি মঞ্চনাটকে অভিনয়ের মধ্য দিয়ে মঞ্চে অভিষেকও হয়েছে তার। যুক্তরাষ্ট্রের নয়টি শহরে নাটকটির প্রদর্শনীতে অংশ নেয় বাবা-মেয়ে।
এদিকে নওয়াজউদ্দিনকে সর্বশেষ দেখা গেছে ‘রাত আকেলি হ্যায় : দ্য বানসাল মার্ডারস’ সিনেমায়। এর আগে আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানার সঙ্গে ‘থাম্মা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। সামনে ‘সেকশন ১০৮’, ‘তুম্বাড ২’, ‘নূরানি চেহরা’ ও ‘সাঙ্গিন’-এর মতো সিনেমায় দেখা যাবে তাকে।