একসময় একই ভূখণ্ড, একই ইতিহাসের অংশ ছিল বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। ১৯৪৭ সালের দেশভাগে আলাদা হয়েছিল সীমান্ত, তৈরি হয়েছিল নতুন রাষ্ট্রীয় পরিচয়। সময়ের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কেও এসেছে নানা টানাপোড়েন।
তবে ইতিহাস, সংস্কৃতি ও মানুষের আবেগের সেই পুরোনো যোগসূত্র যে এখনো হারিয়ে যায়নি, তারই এক সুন্দর ছবি দেখা গেল মিস ইউনিভার্সের মঞ্চে।

পুয়ের্তো রিকোয় ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তিন সুন্দরী। তারা হলেন বাংলাদেশের সামিরা খান মাহি, ভারতের কাজিয়াহ লিজ মেজো এবং পাকিস্তানের মিসবাহ আরশাদ।
তিন দেশের প্রতিনিধিদের একসঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সম্প্রীতি ও বন্ধুত্বের বার্তা দিয়েছেন মাহি।
ছবির সঙ্গে ইংরেজিতে মাহি লিখেছেন, ‘দেশ আলাদা, পতাকা আলাদা, কিন্তু ভালোবাসা ও বন্ধুত্ব কত গভীর! প্রকৃত সম্পর্ককে কোনো সীমান্ত আটকে রাখতে পারে না। মিস ইউনিভার্সে একসঙ্গে এমন সুন্দর মুহূর্ত ভাগ করে নিতে পেরে আমি খুব আনন্দিত।’

পোস্টে #BeyondBorders ও #Sisterhood হ্যাশট্যাগও ব্যবহার করেছেন তিনি।
মাহির এই বার্তায় উঠে এসেছে সীমান্তের ঊর্ধ্বে মানুষের সম্পর্কের কথা। ব্রিটিশ ভারতের দীর্ঘ অভিন্ন ইতিহাস, দেশভাগের বেদনা এবং পরবর্তী সময়ে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম- সব মিলিয়ে এই তিন দেশের মানুষের মধ্যে রয়েছে এক জটিল ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক। ভাষা, খাবার, পোশাক, সংগীত ও জীবনযাপনের নানা মিলও সেই যোগসূত্রের কথা মনে করিয়ে দেয়। রাজনৈতিক সীমারেখা আলাদা হলেও মানুষের বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধা যে আলাদা হতে বাধ্য নয়, তিন সুন্দরীর ছবিটি যেন সেই কথাই বলছে।

সামিরা খান মাহি – বাংলাদেশ
বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি অভিনয় ও মডেলিংয়ের সঙ্গে যুক্ত। টেলিভিশন অভিনেত্রী হিসেবে পরিচিতি পাওয়া মাহি চলতি বছরের নভেম্বরে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট জেতেন। এর মধ্য দিয়ে ৭৫তম মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ পান তিনি। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সংস্কৃতি ও মানুষের পরিচয় তুলে ধরার প্রত্যাশার কথাও জানিয়েছেন এই সুন্দরী।
কাজিয়াহ লিজ মেজো – ভারত

ভারতের প্রতিনিধি কাজিয়াহ লিজ মেজোর বয়স মাত্র ১৯ বছর। কেরালার মাভেলিক্কারায় জন্ম নেওয়া এই তরুণী আইন বিষয়ে পড়াশোনা করছেন। শাস্ত্রীয় নৃত্যে ১২ বছরের প্রশিক্ষণ রয়েছে তার। ২০২৪ সালে মিস টিন ডিভা জেতার পর ২০২৫ সালে মিস টিন ইন্টারন্যাশনালে প্রথম রানারআপ হন। চলতি বছর মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট জিতে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করছেন তিনি। মালয়ালম সিনেমা ‘শাইলক’-এ অভিনয়ের অভিজ্ঞতাও রয়েছে কাজিয়াহর।
মিসবাহ আরশাদ- পাকিস্তান

পাকিস্তানের প্রতিনিধি মিসবাহ আরশাদ একজন মডেল, কনটেন্ট নির্মাতা ও মনোবিজ্ঞানের শিক্ষার্থী। চলতি বছরের আগস্টে মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬-এর মুকুট জেতেন তিনি। শিক্ষা ও নারীর ক্ষমতায়নের বিষয়েও আগ্রহ রয়েছে তার। পুয়ের্তো রিকোর উদ্দেশে যাত্রার আগে দেওয়া এক বার্তায় মিসবাহ লিখেছিলেন, আগামী কয়েক দিন তিনি শুধু মিসবাহ নন, তার পরিচয় হবে পাকিস্তান। নিজের দেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত বলেও জানিয়েছিলেন তিনি।
আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর সান হুয়ানে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্স ২০২৬-এর চূড়ান্ত পর্ব। মুকুট জয়ের লড়াইয়ে তিন দেশের তিন সুন্দরীই প্রতিযোগী। তবে প্রতিযোগিতার বাইরের এই বন্ধুত্বের মুহূর্ত ইতোমধ্যে আলাদা করে নজর কেড়েছে। কে মুকুট জিতবেন, সেই অপেক্ষার পাশাপাশি তিন দেশের মানুষের কাছে মাহির এই সম্প্রীতির বার্তাও হয়ে উঠেছে আলোচনার বিষয়।
Reporter Name 
























