নতুন জেমস বন্ড হিসেবে আসছেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন। কিন্তু বন্ডকে ঘিরে উত্তেজনার অর্ধেকই তো তার সঙ্গিনীকে নিয়ে! কে হচ্ছেন নতুন বন্ড গার্ল? নতুন বন্ডের বিপরীতে কোন অভিনেত্রীকে দেখা যাবে?
আলোচনায় উঠে এসেছে মার্গারেট কোয়ালি, আনিয়া টেলর-জয় ও ফ্লোরেন্স পিউয়ের মতো অভিনেত্রীদের নাম। তবে তাদের কাউকেই আনুষ্ঠানিকভাবে বন্ড গার্ল ঘোষণা করা হয়নি।
নতুন বন্ড চলচ্চিত্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন ‘ডিউন’খ্যাত ডেনি ভিলনেভ। চিত্রনাট্যকার স্টিভেন নাইট। প্রযোজনায় রয়েছেন অ্যামি প্যাসকাল ও ডেভিড হেইম্যান। ফলে শুধু নায়ক বদল নয়, বন্ডের গল্প বলার ধরনেও পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে।
বন্ড গার্লদের ইতিহাস অবশ্য জেমস বন্ডের মতোই বর্ণাঢ্য। ১৯৬২ সালে প্রথম বন্ড চলচ্চিত্র ‘ডক্টর নো’-তে হানি রাইডার চরিত্রে অভিনয় করেন সুইস অভিনেত্রী উরসুলা আন্দ্রেস। সমুদ্র থেকে তাঁর উঠে আসার দৃশ্য চলচ্চিত্রের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। তিনিই হয়ে ওঠেন বন্ড গার্লের প্রথম আন্তর্জাতিক প্রতীক।
এরপর ১৯৬৩ সালের ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’-এ তাতিয়ানা রোমানোভা চরিত্রে ড্যানিয়েলা বিয়ানকি এবং ১৯৬৪ সালের ‘গোল্ডফিঙ্গার’-এ পুসি গ্যালোর চরিত্রে অনার ব্ল্যাকম্যান দর্শকদের নজর কাড়েন। বিশেষ করে ব্ল্যাকম্যানের চরিত্রটি ছিল আত্মবিশ্বাসী, স্বাধীনচেতা এবং বন্ডের সঙ্গে পাল্লা দেওয়ার মতো ব্যক্তিত্বসম্পন্ন।
সত্তরের দশকে বারবারা বাখ অভিনয় করেন ‘দ্য স্পাই হু লাভড মি’ (১৯৭৭) চলচ্চিত্রে। তাঁর চরিত্র আনিয়া আমাসোভা ছিলেন সোভিয়েত গোয়েন্দা। অর্থাৎ বন্ড গার্ল শুধু নায়কের প্রেমিকা নন, নিজেও দক্ষ গুপ্তচর হতে পারেন; এই ধারণা প্রতিষ্ঠিত হয় আরও দৃঢ়ভাবে।
নব্বইয়ের দশকে বন্ড গার্লদের চরিত্রে আসে নতুন মাত্রা। ‘গোল্ডেনআই’ (১৯৯৫) চলচ্চিত্রে ইজাবেলা স্কোরুপকো এবং ফামকে ইয়ানসেন দুটি বিপরীত চরিত্রে অভিনয় করেন। ১৯৯৭ সালের ‘টুমরো নেভার ডাইজ’-এ মিশেল ইয়ো অভিনীত ওয়াই লিন ছিলেন দুর্ধর্ষ চীনা গোয়েন্দা, যিনি বন্ডের সমান দক্ষতায় অভিযান পরিচালনা করেন।
২০০২ সালে ‘ডাই অ্যানাদার ডে’ চলচ্চিত্রে হ্যালি বেরি অভিনীত জিনক্স চরিত্রটিও বিশেষভাবে আলোচিত হয়। প্রথম বন্ড গার্ল উরসুলা আন্দ্রেসের সেই বিখ্যাত সমুদ্রদৃশ্যের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছিল তাঁর উপস্থিতির মাধ্যমে।
ড্যানিয়েল ক্রেগের যুগে বন্ড গার্লের সংজ্ঞা আরও বদলায়। ‘ক্যাসিনো রয়্যাল’ (২০০৬) চলচ্চিত্রে ইভা গ্রিনের ভেসপার লিন্ড চরিত্রটি বন্ডের আবেগ ও ব্যক্তিত্বে গভীর প্রভাব ফেলে। ‘স্কাইফল’ (২০১২) চলচ্চিত্রে বেরেনিস মারলো এবং ‘স্পেক্টর’ (২০১৫) চলচ্চিত্রে লেয়া সেদুর অভিনয়ও দর্শকদের আলোচনায় আসে।
সর্বশেষ ‘নো টাইম টু ডাই’ (২০২১) চলচ্চিত্রে লেয়া সেদু আবার ম্যাডেলিন সোয়ান চরিত্রে ফেরেন। একই চলচ্চিত্রে লাশানা লিঞ্চের নোমি এবং আনা দে আরমাসের পালোমা চরিত্র দুটি দেখিয়ে দেয়, বন্ডের নারী সহচরীরা এখন কেবল সৌন্দর্য বা রোমান্সের অনুষঙ্গ নন; গল্পের গুরুত্বপূর্ণ চালিকাশক্তিও।
এখন প্রশ্ন, নতুন বন্ড যুগে নারী চরিত্রের বিবর্তন কোথায় গিয়ে দাঁড়াবে? নতুন বন্ড গার্ল কি হবেন প্রেমিকা, প্রতিদ্বন্দ্বী, নাকি বন্ডের চেয়েও রহস্যময় কোনো গোয়েন্দা?
নতুন জেমস বন্ডের পর তার সঙ্গিনীর আনুষ্ঠানিক পরিচয় জানার অপেক্ষায় বিশ্বজুড়ে কোটি কোটি দর্শক। কারণ বন্ডের প্রতিটি নতুন অধ্যায়ে শুধু নায়ক নন, তার পাশে থাকা নারী চরিত্রটিও তৈরি করেন নতুন ইতিহাস।
Reporter Name 

























