আন্তর্জাতিক পরমাণু পরিদর্শকদের প্রবেশে বাধার মধ্যেই কি পারমাণবিক বোমা তৈরির আরও কাছাকাছি পৌঁছে গেছে ইরান? দেশটির এক সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ইউরেনিয়ামকে অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় সমৃদ্ধ করার সম্ভাবনার কথা বলার পর প্রশ্নটি নতুন করে সামনে এসেছে। একই সময়ে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের বিষয়ে তারা আর যাচাই করতে পারছে না।
তবে পরিদর্শকদের প্রবেশে বাধার সুযোগ নিয়ে ইরান পারমাণবিক বোমা তৈরির দিকে এগিয়েছে, এমন কোনো যাচাই করা প্রমাণ নেই। কিন্তু গুরুত্বপূর্ণ পারমাণবিক উপাদানের বর্তমান অবস্থা নির্ধারণ করতে না পারায় উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ)।
সোমবার (১৬ নভেম্বর) তেহরান ঘোষণা দিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ স্থায়ীভাবে শেষ না হওয়া এবং ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত জাতিসংঘের পরিদর্শকদের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশ করতে দেওয়া হবে না। এতে অনিশ্চয়তা আরও বেড়েছে।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না। তার ইঙ্গিত, এসব স্থাপনায় প্রবেশের অনুরোধের পেছনে মার্কিন অস্ত্রের কার্যকারিতা যাচাই করার উদ্দেশ্যও থাকতে পারে।
আইএইএ এখনো নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করতে পারেনি। ফলে ইরানের পারমাণবিক উপাদানের বর্তমান অবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর অজানাই রয়ে গেছে।
গালফ নিউজের প্রতিবেদনে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরা হয়েছে।
অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়ে কী বলেছে ইরান?
রোববার ইরানের সাবেক জ্যেষ্ঠ বিচার বিভাগীয় কর্মকর্তা ও দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ জাভাদ লারিজানি বলেছেন, পারমাণবিক জ্বালানিচালিত প্রপালশন ব্যবস্থার জন্য তেহরান ইউরেনিয়াম ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করতে পারে।
তিনি বলেন, ‘এটি আমাদের এখনো প্রয়োজন। প্রপালশন ব্যবস্থার জন্য আমরা এমনকি ৯০ শতাংশ পর্যন্তও যেতে পারি।’
ইরানের কাছে থাকা ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের দাবিও প্রত্যাখ্যান করেন তিনি। তবে লারিজানির দাবি, এ ধরনের প্রযুক্তি ব্যবহারের অর্থ এই নয় যে ইরান পারমাণবিক বোমা তৈরির দিকে এগোচ্ছে।
তার বক্তব্যকে ৯০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
৯০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক বোমা তৈরির কতটা কাছাকাছি?
প্রায় ৯০ শতাংশ বিশুদ্ধতায় সমৃদ্ধ ইউরেনিয়ামকে অস্ত্র তৈরির উপযোগী বা ‘উইপনস-গ্রেড’ হিসেবে বিবেচনা করা হয়।
বেসামরিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অধিকাংশ চুল্লিতে প্রায় ৩ থেকে ৫ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করা হয়। অন্যদিকে ইরান ইতোমধ্যে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করেছে।
প্রাকৃতিক ইউরেনিয়াম থেকে ৬০ শতাংশে পৌঁছানোর তুলনায় ৬০ থেকে ৯০ শতাংশে উন্নীত করতে অতিরিক্ত সমৃদ্ধকরণের কাজ তুলনামূলকভাবে অনেক কম করতে হয়।
তবে শুধু অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম থাকলেই পারমাণবিক বোমা তৈরি হয়ে যায় না। কার্যকর বোমা নির্মাণের জন্য আরও কয়েকটি প্রযুক্তিগত ও প্রকৌশলগত ধাপ সম্পন্ন করতে হয়।
ইরানের ইউরেনিয়ামের মজুতের কী হয়েছে?
এটাই এখন সবচেয়ে বড় রহস্য। ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগে আইএইএ ধারণা করেছিল, ইরানের কাছে ৬০ শতাংশ সমৃদ্ধ ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম ছিল।
আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি এর আগে সতর্ক করে বলেছিলেন, এই পরিমাণ ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করে অস্ত্র তৈরিতে ব্যবহার করা হলে তাত্ত্বিকভাবে তা দিয়ে ১০টি পর্যন্ত পারমাণবিক বোমা তৈরির উপযোগী উপাদান পাওয়া সম্ভব।
কিন্তু হামলার পর থেকে পরিদর্শকেরা ওই মজুতের বর্তমান অবস্থান বা অবস্থা যাচাই করতে পারেননি। ইসফাহান ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট নিয়েও উদ্বেগ বাড়ছে সংস্থাটির। স্থাপনাটির সঠিক অবস্থান এবং সেখানে পারমাণবিক উপাদান রয়েছে কি না, তা তারা জানে না বলে জানিয়েছে আইএইএ।
পরিদর্শনে বাধা দিচ্ছে কেন ইরান?
তেহরানের যুক্তি, পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নতুন হামলার আশঙ্কা থাকলে স্বাভাবিক পর্যবেক্ষণ কার্যক্রম পুনরায় শুরু করা সম্ভব নয়। আইএইএর উদ্ধৃত এক চিঠিতে ইরান অভিযোগ করেছে, ওয়াশিংটন আবারও সামরিক হামলার হুমকি দিচ্ছে।
রোববার ইরানের আইনপ্রণেতা ইসমাইল কাউসারি বলেন, পরিদর্শকদের আচরণ নিয়ে তেহরান সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশ করতে দেওয়া হবে না। তাদের কেউ কেউ বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছেন কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
অন্যদিকে আইএইএ ইরানকে ধীরে ধীরে পরিদর্শকদের ফিরতে দেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটির সতর্কবার্তা, যাচাই কার্যক্রমের এই ঘাটতি জরুরিভিত্তিতে দূর করা প্রয়োজন।
আইএইএর পরিদর্শকেরা ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন। তবে অন্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে এখনো প্রবেশ করতে পারেননি।
ইরান কি সত্যিই পারমাণবিক বোমা তৈরির আরও কাছাকাছি পৌঁছেছে?
পরিদর্শন কার্যক্রম বন্ধ থাকার সময়ে ইরান বোমা তৈরির দিকে এগিয়েছে, এমন কোনো যাচাই করা প্রমাণ নেই।
আইএইএর উদ্বেগের মূল কারণ, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম আগে যেখানে থাকার কথা বলে ধারণা করা হয়েছিল, সেখানেই আছে কি না, এর আরও সমৃদ্ধকরণ হয়েছে কি না কিংবা পারমাণবিক উপাদান অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে কি না, তা নির্ধারণ করা যাচ্ছে না।
ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানে আরও বড় ধরনের হামলার প্রয়োজন নাও হতে পারে। তবে পারমাণবিক কর্মকাণ্ডকে হুমকি হিসেবে দেখলে ওয়াশিংটন পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে বলেও সতর্ক করেছেন তিনি।
আপাতত সবচেয়ে বড় বিপদ অনিশ্চয়তা। ইরানের হাতে উন্নত পারমাণবিক সক্ষমতা রয়েছে, দেশটির ইউরেনিয়ামের মজুতের বর্তমান অবস্থা যাচাই করা যাচ্ছে না এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে কী ঘটছে, তা নির্ধারণ করতে পারছেন না পরিদর্শকেরা।
এই অনিশ্চয়তা যত দীর্ঘ হবে, পারমাণবিক হুমকি আর পারমাণবিক কর্মসূচি নিয়ে সতর্কবার্তার মধ্যে পার্থক্য নির্ণয় করা তত কঠিন হয়ে উঠবে।
সূত্র : গালফ নিউজ
Reporter Name 
























