চাবি কোথায় রেখেছেন, জরুরি কাজের কথা কিংবা পরিচিত কারও নাম মনে করতে সমস্যা হচ্ছে? দৈনন্দিন জীবনে এমন ভুলে যাওয়ার ঘটনা অনেকেরই ঘটে। বয়স, অতিরিক্ত তথ্যের চাপ, অনিয়ন্ত্রিত মোবাইল ব্যবহার ও মনোযোগের অভাব স্মৃতিশক্তিতে প্রভাব ফেলতে পারে। তবে প্রতিদিনের কিছু সহজ অভ্যাসেই মস্তিষ্ককে সক্রিয় রাখা এবং মনে রাখার ক্ষমতা উন্নত করা সম্ভব।
সম্প্রতি ‘দ্য গার্ডিয়ান’-এ প্রকাশিত এক প্রতিবেদনে স্মৃতিশক্তি বাড়ানোর ১০টি সহজ ও আনন্দদায়ক উপায় তুলে ধরা হয়েছে।
১. নতুন কিছু শিখুন : দাবা খেলা, নতুন ভাষা শেখা কিংবা বাদ্যযন্ত্র বাজানোর মতো কাজে যুক্ত থাকুন। নতুন দক্ষতা মস্তিষ্ককে সক্রিয় রাখে।
২. নিয়মিত বই পড়ুন : পছন্দের গল্প, উপন্যাস কিংবা তথ্যভিত্তিক বই পড়ার অভ্যাস মনোযোগ ও চিন্তাশক্তি বাড়াতে সাহায্য করে।
৩. মনোযোগ ধরে রাখুন : কাজের সময় মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকুন। একসঙ্গে অনেক কাজ না করে একটি কাজে মন দিন।
৪. গল্প তৈরি করুন : প্রয়োজনীয় তথ্যগুলোকে একটি গল্পের সঙ্গে যুক্ত করে মনে রাখার চেষ্টা করুন।
৫. মেমোরি প্যালেস ব্যবহার করুন : পরিচিত বাড়ি বা জায়গার বিভিন্ন স্থানের সঙ্গে মনে রাখার বিষয়গুলো মিলিয়ে নিন।
৬. সংখ্যাকে ছবিতে রূপ দিন : গুরুত্বপূর্ণ তারিখ ও সংখ্যার সঙ্গে পরিচিত ছবি, রং বা প্রতীকের মিল তৈরি করুন।
৭. সংকেত শব্দ তৈরি করুন : গুরুত্বপূর্ণ শব্দের প্রথম অক্ষর দিয়ে নতুন শব্দ বা বাক্য তৈরি করুন। মাইন্ড ম্যাপও ব্যবহার করতে পারেন।
৮. বিরতি দিয়ে অনুশীলন করুন : শেখা বিষয় নির্দিষ্ট বিরতিতে বারবার ঝালিয়ে নিন। এতে দীর্ঘমেয়াদি স্মৃতি তৈরিতে সহায়তা হয়।
৯. গুরুত্বপূর্ণ কাজ লিখে রাখুন : ডায়েরি বা ফোনের নোটে জরুরি তথ্য লিখুন। প্রয়োজনে অ্যালার্ম সেট করুন।
১০. পর্যাপ্ত ঘুমান : স্মৃতিশক্তি ভালো রাখতে প্রতিদিন অন্তত সাত ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। ঘুমের সময় মস্তিষ্ক শেখা তথ্য সংরক্ষণ ও সুসংহত করে।
বিশেষজ্ঞদের মতে, স্মৃতিশক্তি উন্নত করতে একটি কৌশলের ওপর নির্ভর না করে এসব অভ্যাস নিয়মিত চর্চা করা জরুরি।
Reporter Name 



















