ক্যারিয়ারে সোনালী অতীত ফেলে বহুদূর এগিয়ে গেলেও হৃদয়ে এখনও একইরূপে বার্সেলোনাকে ধারণ করেন লিওনেল মেসি। হাজারও স্মৃতি জড়িয়ে আছে ক্লাবটিকে ঘিরে। কাতালানদের সঙ্গে কাটানো অসাধারণ দিনগুলোর কথা স্মরণ করে আর্জেন্টাইন মহাতারকা বললেন, বার্সেলোনা কেবল একটি ফুটবল ক্লাব নয়, এটি জীবনের এক অবিচ্ছেদ্য অংশ।
ক্রীড়াক্ষেত্রে মর্যাদাপূর্ণ প্রিন্সেস অব অ্যাস্তুরিয়াস অ্যাওয়ার্ড ২০২৬ নিতে স্পেনে এসেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। পুরস্কার অনুষ্ঠানের জন্য ৪৮ ঘণ্টার সফরে স্পেনের ওভিয়েদোতে এখন আটবারের ব্যালন ডি’অর জয়ী। বার্সার স্মৃতি স্মরণ করতে গিয়ে আবেগী হয়ে পড়েন তিনি।
বার্সার সঙ্গে গভীর সম্পর্কের কথা তুলে ধরে বলেছেন, ‘আমরা সৌভাগ্যবান ছিলাম যে, সবকিছু জিততে পেরেছিলাম। বড় বড় সব অর্জন ছুঁয়েছিলাম, তা ছিল অবিশ্বাস্য। তবে সবকিছুর ঊর্ধ্বে প্রতিদিনের সময়টা এবং অনুশীলন সেশনগুলো আমরা যেভাবে উপভোগ করতাম। আমাদের সত্যিই দারুণ এক সময় কেটেছিল।’
বার্সেলোনা জীবনের অংশ উল্লেখ করে মেসি বলেছেন, ‘বার্সেলোনা আমার জীবনের অংশ এবং আমার জীবনের ক্লাব। সেখানে ক্লাব এবং শহর, দুটো জায়গাতেই দারুণ সব মুহূর্তের সাক্ষী হয়েছি। এই শহর এবং ক্লাবটির প্রতি আমার মনে এক ভীষণ বিশেষ টান রয়েছে।’
Reporter Name 

























