১২৮ বছর পর অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে থাকবে ক্রিকেটের ইভেন্ট। ছেলেদের বাছাইপর্ব আয়োজিত হবে বাংলাদেশে।
ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসির ঘোষণা অনুযায়ী, ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশে গড়াবে ছেলেদের অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব। মেয়েদের বাছাইপর্ব হবে অলিম্পিকের আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে, ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত।
২০২৮ সালের ১৪ থেকে ৩০ জুলাই যুক্তরাষ্ট্রে বসবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। সেখানে টি-টুয়েন্টি সংস্করণে থাকবে ক্রিকেট। এর আগে একবার, ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে জায়গা পেয়েছিল ক্রিকেট।
ছেলেদের ও মেয়েদের উভয় বিভাগের বাছাইপর্বে অংশ নেবে আটটি করে দল। চারটি করে দল নিয়ে গঠিত হবে দুটি গ্রুপ। গ্রুপপর্বে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে ফাইনালে। ফাইনালে জয়ী দলই নিশ্চিত করবে অলিম্পিকের চূড়ান্ত বাছাইপর্ব থেকে পাওয়া একমাত্র টিকিট।
অলিম্পিকে ছেলে ও মেয়েদের দুই বিভাগেই অংশ নেবে ছয়টি করে দল। সুযোগ পাওয়ার ক্ষেত্রে মহাদেশীয় প্রতিনিধিত্ব এবং বাছাইপর্বের ফলাফলকে গুরুত্ব দেওয়া হবে। স্বাগতিক যুক্তরাষ্ট্র ছেলে ও মেয়ে দুই বিভাগে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে, তবে এ ক্ষেত্রে র্যাঙ্কিংসংক্রান্ত শর্ত পূরণ করতে হবে।
এ ছাড়া এশিয়া, ওশেনিয়া, ইউরোপ ও আফ্রিকা অঞ্চল থেকে আইসিসি টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা একটি করে দল সরাসরি অলিম্পিকে জায়গা পাবে। নারী ক্রিকেটে ২০২৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সের ভিত্তিতে অস্ট্রেলিয়া, গ্রেট ব্রিটেন, ভারত ও সাউথ আফ্রিকা ইতোমধ্যে অলিম্পিকে খেলা নিশ্চিত করেছে।
ছেলেদের বিভাগে বাকি থাকা একটি জায়গা নির্ধারিত হবে বাংলাদেশে গড়াতে চলা বাছাইপর্বের মাধ্যমে। র্যাঙ্কিংয়ে পরবর্তী সেরা আটটি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে।
Reporter Name 

























