জাতীয় পর্যায়েও বিরোধী জোট ইন্ডিয়ার বিক্ষোভে অংশ নিতে পারে ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে বিরোধীদের কর্মসূচিতে দলটির অংশ নেওয়ার কথা জানিয়েছেন বিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে) নেতা থল থিরুমাভালাভান।
শুক্রবার (১৬ অক্টোবর) সংবাদ সংস্থা এএনআইকে তিনি জানান, গত ১৫ অক্টোবর চেন্নাইয়ে ইন্ডিয়া জোটের আয়োজিত বিক্ষোভে অংশ নেয় টিভিকে। সম্প্রতি দলটি তামিলনাড়ুতে ইন্ডিয়া জোটের রাজ্য শাখায় যুক্ত হয়েছে। ভবিষ্যতে জাতীয় পর্যায়েও জোটের একই ধরনের কর্মসূচিতে অংশ নেবে বলে আশা করা হচ্ছে।
থিরুমাভালাভান বলেন, ‘টিভিকে ইতিমধ্যে ইন্ডিয়া জোটে যোগ দিয়েছে। তারা নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরোধী। গতকাল তারা ইন্ডিয়া জোটের বিক্ষোভে অংশ নিয়েছে। সম্প্রতি তারা তামিলনাড়ুর রাজ্য শাখায় যুক্ত হয়েছে। পরবর্তী সময়ে জাতীয় পর্যায়ের বিক্ষোভেও অংশ নেবে।’
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে বিরোধীদের আপত্তির জেরে এই বিক্ষোভের আয়োজন করা হয়। বিরোধী দলগুলোর আশঙ্কা, এই প্রক্রিয়ায় যোগ্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। তাই ভোটাধিকার সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা।
একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণও দাবি করেছে বিরোধীরা।
টিভিকের এই অংশগ্রহণ তামিলনাড়ুতে বিরোধী দলগুলোর সঙ্গে তাদের রাজনৈতিক যোগাযোগ আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে। গত ৩ অক্টোবর কংগ্রেস, সিপিআই, সিপিএম, ভিসিকে, এমডিএমকে ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের প্রতিনিধিদের সঙ্গে ইন্ডিয়া জোটের রাজ্য পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছিল দলটি। ওই বৈঠকে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমন্বিতভাবে আন্দোলন এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। বৈঠকে টিভিকেকে রাজ্য পর্যায়ের বিরোধী জোটে স্বাগত জানিয়ে প্রস্তাবও পাস করা হয়।
এর কয়েক দিন পর, ১০ অক্টোবর চেন্নাইয়ে বিজয়ের বাসভবনে তার সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাদের এই বৈঠক কংগ্রেস ও টিভিকের মধ্যে রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করে।
২০২৪ সালে অভিনেতা বিজয়ের হাত ধরে যাত্রা শুরু করা টিভিকে তামিলনাড়ুর প্রচলিত রাজনৈতিক দলগুলোর বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে রাজনীতিতে প্রবেশ করে। ইন্ডিয়া জোটের বিক্ষোভে অংশ নেওয়ার মধ্য দিয়ে দলটির বিরোধী জোটের সঙ্গে সম্পৃক্ততা আরও স্পষ্ট হচ্ছে। তবে জাতীয় পর্যায়ে জোটের কর্মসূচিতে টিভিকের ভূমিকা কতটা বিস্তৃত হবে, তা এখনো নিশ্চিত নয়।
এর আগে, গত ১২ অক্টোবর রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী নেতারা নয়াদিল্লিতে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার পর্যালোচনা এবং যোগ্য ভোটারদের নাম বাদ পড়া ঠেকানোর দাবিতে সুপ্রিম কোর্টের দিকে মিছিল করেন। বিষয়টি নিয়ে দায়ের করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৫ অক্টোবর সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নোটিশ দেন এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া-সংক্রান্ত নথি তলব করেন।
Reporter Name 

























