ম্যানচেস্টার সিটি থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন ১৭ বছর বয়সী মিডফিল্ডার করিম কাসিম। প্রিমিয়ার লিগের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর তিনি এখন ক্লাবের একাডেমি ম্যাচে অংশ নিতে পারবেন।
গত আগস্টে, তখন ১৬ বছর বয়সে, কাসিম ইউনাইটেডের অনূর্ধ্ব-১৮ দলের প্রিমিয়ার লিগ কাপ ম্যাচে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন। এবার তিনি ড্যারেন ফ্লেচারের দলে নিয়মিত মুখ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
ক্লাব সূত্রে জানা গেছে, কাসিম একজন উদ্যমী বক্স-টু-বক্স মিডফিল্ডার এবং ইংল্যান্ড যুব দলের খেলোয়াড়। তাকে ভবিষ্যতে প্রথম দলের সম্ভাব্য খেলোয়াড় হিসেবে দেখা হচ্ছে। তার সাইনিং ইউনাইটেডের যুব পর্যায়ে নিবিড় নিয়োগ কার্যক্রমের প্রতিফলন।
এছাড়া, গত মৌসুমে ফ্লেচারের দলে উজ্জ্বল পারফরম্যান্স করা ১৭ বছর বয়সী উইঙ্গার নোয়া আজায়ির সঙ্গে প্রথম পেশাদার চুক্তি সম্পন্ন করেছে ওল্ড ট্রাফোর্ডের দলটি।
আরও তিন তরুণকে আনার পথে ইউনাইটেড
কাসিম ছাড়াও ইউনাইটেড শিগগিরই সিটির ১৬ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার ডেভিড এজে এবং লিভারপুলের ১৬ বছর বয়সী উইঙ্গার আইজ্যাক কন্ডের সাইনিং ঘোষণা করতে যাচ্ছে। দুজনকেই সিনিয়র দলে উন্নতির লক্ষ্য নিয়ে ক্যারিংটনে আনা হচ্ছে।
যুব নিয়োগে নতুন গতি
কাসিমের সাইনিং প্রত্যাশিত ছিল, তবে প্রিমিয়ার লিগের অনুমোদন পাওয়ায় ইউনাইটেড স্বস্তি পেয়েছে। একাডেমি পর্যায়ে সব ট্রান্সফারই নিয়ম মেনে হচ্ছে কিনা তা তদন্ত করা হয়।
আইনিওসের বিনিয়োগের পর থেকে ইউনাইটেড আরও সতর্কভাবে যুব খেলোয়াড় নিয়োগে মনোযোগী হয়েছে। কাসিমের সঙ্গে এজে ও কন্ডের আগমন সেই ধারাবাহিকতার অংশ। সাধারণত ১৬ বছর বয়সে একাডেমি চুক্তি শেষ হওয়ায় খেলোয়াড়রা নতুন ক্লাবে যোগ দিতে পারে।
এই তিনজনকে উচ্চ সম্ভাবনাময় প্রতিভা হিসেবে দেখা হচ্ছে। তবে যেকোনো সাইনিংয়ের মতোই সময়ই বলে দেবে তারা কতটা সফল হবে।

বিদায় নিতে চলেছেন জেজে গ্যাব্রিয়েল
এদিকে, ১৫ বছর বয়সী ফরোয়ার্ড জেজে গ্যাব্রিয়েল ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তার বিদায়ের প্রক্রিয়া এগোচ্ছে। তবে কাসিম, এজে ও কন্ডের সাইনিং গ্যাব্রিয়েলের পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত নয়, বরং অনেক আগে থেকেই পরিকল্পনায় ছিল।
ইউনাইটেড এর আগেও সিটির একাডেমি থেকে খেলোয়াড় এনেছে—টাইলার ও জ্যাক ফ্লেচার এবং চার্লি ম্যাকনিল সাম্প্রতিক উদাহরণ।
Reporter Name 
























