ধর্মমন্ত্রী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি’র দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহ তা’আলার দরবারে দোয়া করার অনুরোধ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী।
আজ বাদ আসর জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মসজিদে ধর্মমন্ত্রীর দ্রুত রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ অনুরোধ জানান।
এতে মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীসহ বিশিষ্ট উলামায়ে কেরাম ও শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
হেফাজত আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী বলেন, ধর্মমন্ত্রী একজন দীনদার, দেশপ্রেমিক ও মানবহিতৈষী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর হাতে চরমভাবে নির্যাতিত। মহান আল্লাহ তা’আলার দরবারে দোয়া করি, তিনি যেন ধর্মমন্ত্রীকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং তাঁকে সুস্থ অবস্থায় দেশ ও জনগণের সেবায় ফিরে আসার তাওফিক দান করেন।
এর আগে বাদ জোহর দারুল উলুম হাটহাজারী মাদরাসায় ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে দোয়া পরিচালনা করেন মাদরাসার মুহতামিম মাওলানা খলিল আহমদ কাসেমী। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিম উদ্দীন ও মাওলানা কবির আহমদ। জামিয়া ওবায়দিয়া নানুপুর মাদ্রাসায় দোয়া পরিচালনা করেন মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী। জামিয়া আরাবিয়া জিরিতে দোয়া পরিচালনা করেন মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়ব।
ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদরাসায় দোয়া পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। এছাড়া, জামিয়া ইউনুছিয়ায় দোয়া পরিচালনা করেন জমিয়ার মুহতামিম মাওলানা মুফতি মোবারক উল্লাহ ও কুমিল্লা আশরফুল উলুম মাদরাসায় দোয়া পরিচালনা করেন মুফতি শামসুল ইসলাম জিলানী।
অসুস্থ মানুষের জন্য দোয়া করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা উল্লেখ করে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান সর্বস্তরের আলেম-উলামা, তৌহিদী জনতা ও সমগ্র দেশবাসীকে ধর্মমন্ত্রীর আশু রোগমুক্তির জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আন্তরিকভাবে দোয়া করার আহবান জানিয়েছেন।
উল্লেখ্য, ধর্মমন্ত্রী বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Reporter Name 

























