সৌদি সরকারের নির্ধারিত গাইডলাইন অনুযায়ী ২০২৭ সালের হজের যাবতীয় প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের মধ্যে সব কার্যক্রম শেষ করায় বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেছে সৌদি সরকার।
প্রথমবারের মতো ধর্মমন্ত্রীর সরাসরি তদারকিতে সৌদি সরকারের নির্ধারিত সময়সীমা অনুসরণ করে ২০২৭ সালের হজের প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করেছে বাংলাদেশ।
এর মধ্যে রয়েছে ৩০ জুনের মধ্যে মক্কা ও মদিনায় হজযাত্রীদের আবাসন ব্যবস্থাপনা এবং নুসুক মাসায়ের সিস্টেমে প্রয়োজনীয় তথ্য দাখিল। ১৫ জুলাইয়ের মধ্যে নুসুক প্ল্যাটফর্মের ই-ওয়ালেটে সৌদি আরবে সরাসরি অর্থ স্থানান্তর এবং হজযাত্রীদের আকাশপথে যাতায়াতের জন্য এয়ারলাইনস ও পোর্ট কোটা বণ্টন করা হয়।
এ ছাড়া ২৬ জুলাইয়ের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন, ২৯ জুলাইয়ের মধ্যে মদিনা ও আরাফাতে সরকারি-বেসরকারি হজযাত্রীদের জন্য তাঁবু সংরক্ষণ এবং নুসুক মাসায়েরের মাধ্যমে আবাসন, তাঁবু, ক্যাটারিং ও পরিবহনসহ বিভিন্ন সেবা প্যাকেজের চুক্তি সম্পন্ন করা হয়েছে।
এয়ারলাইনসগুলোর সঙ্গে চুক্তি করে প্রয়োজনীয় নথিপত্র সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের (গাকা) কাছে জমা দেওয়া হয়েছে। ১৪ আগস্টের মধ্যে মেডিকেল সার্ভিস প্রোভাইডার ও মিডিয়া সার্ভিস প্রোভাইডারের সঙ্গেও চুক্তি সম্পন্ন করা হয়।
এ ছাড়া সৌদি সরকারের হজ মৌসুমের প্রস্তুতিমূলক বিশেষ প্রশিক্ষণ ও দক্ষতা মূল্যায়ন কর্মসূচিতে অংশ নিতে ধর্ম মন্ত্রণালয় ও মেডিকেল টিমের সমন্বয়ে গঠিত ১১ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। হজযাত্রীদের তথ্য নুসুক মাসায়ের সিস্টেমে আপলোড এবং ৯ নভেম্বর হজ চুক্তি সম্পাদনের মধ্য দিয়ে ২০২৭ সালের হজের যাবতীয় প্রস্তুতি শেষ করে বাংলাদেশ।
সংশ্লিষ্টদের মতে, এবারের প্রস্তুতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল হজযাত্রীদের ব্যয় বাবদ ১ হাজার ৭০০ কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা নির্ধারিত সময়ে সৌদি আরবে পাঠানো। সরকারি ও বেসরকারি হজযাত্রীদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আদায় করা বিপুল পরিমাণ অর্থ একসঙ্গে স্থানান্তর করা বাংলাদেশের জন্য অতীতে কঠিন ছিল। তবে এবার সৌদি সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই অর্থ পরিশোধ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ।
এতে দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ এগিয়ে গেছে বলে মনে করা হচ্ছে। এ সাফল্যে বাংলাদেশের প্রশংসা করেছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী।
এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়ার সঙ্গে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বাংলাদেশের জন্য অতিরিক্ত ৫ হাজার হজ কোটা বরাদ্দের বিষয়টি উত্থাপন করা হয়। পাশাপাশি অন্য কোনো দেশ তাদের নির্ধারিত কোটা পূরণে ব্যর্থ হলে সেই কোটা বাংলাদেশকে দেওয়ার বিষয়েও ইতিবাচক আশ্বাস দিয়েছেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী।
এসব প্রস্তুতি সম্পন্ন করে আজ রোববার (১৫ নভেম্বর) দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
বিমানবন্দরে ধর্মমন্ত্রীকে বিদায় জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের কাউন্সেলর (হজ) মো. কামরুল ইসলাম, কনসাল (হজ) মো. মাজহারুল ইসলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার রাশেদ আমির খান, এয়ারপোর্ট স্টেশন ম্যানেজার মো. সালাউদ্দিন টিপুসহ সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের প্রটোকল বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের কমিউনিটি নেতারা।
Reporter Name 

























