হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপ হয়েছিল, তাদের সঙ্গে ফের বসবেন প্রধানমন্ত্রী। আজ রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা এবং আশেপাশের জেলা, উপজেলা, পৌরসভা পর্যায়ের দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রদের সঙ্গে যৌথ সভায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা দেশের সব রাজনৈতিক দলকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছিলেন। ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টসহ ৭৫টি রাজনৈতিক দলের সঙ্গে গণভবনে সংলাপ হয়েছিল। এখন নির্বাচন শেষ হয়েছে, নেত্রী গতকাল (শনিবার, ১২ জানুয়ারি) আমাদের সঙ্গে ওয়ার্কিং কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথ বৈঠকে বলেছেন যে, যাদের সঙ্গে সংলাপ হয়েছে—তাদেরকে আমন্ত্রণ করবেন, আহ্বান করবেন, নিমন্ত্রণ করবেন। তাদের সঙ্গে কিছু মতবিনিময় করবেন এবং তাদের আপ্যায়নের ব্যবস্থা থাকবে। এ ব্যাপারে আমরাও সবাই একমত, যারা সংলাপ এসেছিলেন—তাদেরকে আবারও নেত্রী সংলাপে আমন্ত্রণ জানাচ্ছেন।
তিনি আরো বলেন, একসঙ্গে সবাইকে দাওয়াত দেওয়া হবে। সেটা খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে। সব রাজনৈতিক দল গণভবনে আমন্ত্রিত। ঐক্যফ্রন্ট আছে, যুক্তফ্রন্ট আছে, ১৪ দল আছে, জাতীয় পার্টি আছে, অন্যান্য যেসব দল আছে—সবাইকে আমন্ত্রণ জানানো হবে। যাদের সঙ্গে প্রধানমন্ত্রী সংলাপ করেছিলেন, তাদেরকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হবে। প্রসঙ্গত, একাদশ সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে জাতীয় ঐক্যফ্রন্টের ‘জাতীয় সংলাপ’ করার ঘোষণা দেওয়ার পর ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে এমন বার্তা এল।
বিএনপিসহ কয়েকটি নিবন্ধিত ও অনিবন্ধিত দল নিয়ে গতবছর ১৩ অক্টোবর গণফোরাম সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে সাত দফা দাবিতে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। সংসদ ভেঙে, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি ছিল তাদের ওই সাত দফার মধ্যে।
নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ইসির প্রস্তুতির মধ্যেই ওই সাত দফা দাবিতে সংলাপের আহ্বান জানানো হয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে। অনেকটা অপ্রত্যাশিতভাবেই সে আহ্বানে সাড়া দিয়ে কামাল হোসেন নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের সঙ্গে গণভবনে আলোচনায় বসেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর একে একে বিভিন্ন দল ও জোটের সঙ্গে সংলাপ করেন সরকারপ্রধান। সাত দফার একটিও পূরণ না হলেও ‘আন্দোলনের অংশ হিসাবে’ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।
এরপর ৩০ ডিসেম্বরের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। অন্যদিকে মাত্র আটটি আসন পাওয়া ঐক্যফ্রন্ট শপথ না নেওয়ার ঘোষণা দিয়ে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানায়। আর কামাল হোসেন জোটের পক্ষ থেকে জাতীয় সংলাপ করার ঘোষণা দেন।
এদিকে ওবায়দুল কাদেরে কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিলো কবে নাগাদ এ সংলাপ হতে পারে? তবে সে বিষয়টি স্পষ্ট করেননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এক প্রশ্নে কাদের বলেন, সংলাপে আসলে আমরা বিভিন্ন বিষয় আলোচনা করতে পারি। বিএনপির প্রতি আমাদের অনুরোধটা রিনিউ করতে পারি। বলতে পারি, সংসদে আসুন। সম্পর্কটা রিনিউ করতে পারি।
নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে জামায়াতে ইসলামীর নেতাদের প্রার্থী করা ‘ভুল’ ছিল বলে যে স্বীকারোক্তি কামাল হোসেন দিয়েছেন, সে বিষয়েও ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।
উত্তরে এই আওয়ামী লীগ নেতা বলেন, জামায়াত মানে বিএনপি, বিএনপি মানে জামায়াত। কামাল হোসেন সাহেব জেনেশুনে কেন ভুল করলেন, সেই ভুলের খেসারত তাকেই দিতে হবে।
Reporter Name 























