হাওর বার্তা ডেস্কঃ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের শক্তি নৌকা প্রতীকে ভোট দিতে নকলা-নালিতাবাড়ীর জনগনের প্রতি আহবান জানিয়েছেন শেরপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কয়েক বারের সফল কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জন নেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগকে পুনরায় দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার জন্য আহবান জানান তিনি।
বুধবার সন্ধায় নকলার পাইস্কা এলাকায় নির্মানাধীন শেখ রাসেল স্মৃতি স্টেডিয়াম প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগের আয়োজিত সর্বশেষ নির্বাচনী জনসভায় বক্তব্য দানকালে তিনি আরো বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল এক মেয়াদেই বিএনপি সরকার বাংলাদেশকে চারবার দুর্নিতীতে চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বে পরিচয় করিয়েছে। ২০১৪ সনের নৈরাজ্যে তারা বাংলাদেশের ৩ হাজার ২৩৬টি তাজা প্রাণ আগুণে পুড়িয়ে মেরেছে। হাওয়া ভবনের মাধ্যমে দেশ ও জনগনের সম্পদ লুটে টাকার কুমির হয়েছে। বর্তমানে তারা স্বাধীনতা বিরোধী শক্তিকে সঙ্গে নিয়ে আবারো দেশের নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। এমতাবস্থায় দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশবাসীকে শান্তিতে রাখতে ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে সমর্থন দিয়ে আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সর্বশেষ ওই নির্বাচনী জনসভায় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মো: বুরহান উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, জাতীয় পার্টির জেলা সহ-সভাপতি শওকত সাঈদ ও নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের নেতা আব্দুল হালিম উকিল প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় উপজেলা আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ উপজেলা চেয়ারম্যান ও বিভিন্ন ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে মিছিল নিয়ে আসা বিপুল পরিমাণ ভোটার এবং পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
Reporter Name 























